দারিদ্র দূরীকরণে জাতিসংঘের পক্ষে কাজ করবেন রোনাল্ডিনহো
ব্রাজিলীয় ফুটবল তারকা এবং বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্ব রোনাল্ডিনহো জাতিসংঘের সাথে একত্রে বিশ্বের দারিদ্র দূরীকরণে কাজ করতে সম্মত হয়েছেন।
জাতিসংঘে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রোনাল্ডিনহো বলেন, “ক্রীড়া হচ্ছে বিশ্বজনীন স্বীকৃত ভাষা। ফুটবল আমাকে এনে দিয়েছে অবিশ্বাস্য সুন্দর জীবন এবং আমি মনে করি ফুটবলকে কাজে লাগিয়ে দারিদ্র দূরীকরণে কাজ করা যাবে।”
বিশ্বের দারিদ্র দূরীকরণ ও শান্তি বজায় রাখার জন্য জাতিসংঘ বার্সেলোনার মধ্যমাঠের খেলোয়াড় রোনাল্ডিনহোকে মুখপাত্র হিসাবে মনোনীত করেছে। তাই ক্যারিবীয় ও ল্যাটিন আমেরিকার দরিদ্র অঞ্চলগুলো সফরকালে রোনাল্ডিনহো দারিদ্রের বিরুদ্ধে অভিযানে জাতিসংঘের পক্ষে অংশ নেবেন।
জাতিসংঘের সদরদপ্তরে রোনাল্ডিনহোর এই সফরের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসও উপস্থিত ছিলেন। এ সময় রোনাল্ডিনহোকে দেখার জন্য জাতিসংঘ সদরদপ্তরের বারান্দায় বহু ফুটবল ভক্তের সমাগম হয়।
২০০৪ ও ২০০৫ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় রোনাল্ডিনহোকে জাতিসংঘের সাথে কাজ করার জন্য প্রতি বছর এক ডলার অর্থ দেওয়া হবে জানান নিউইয়ার্কে অবস্থিত জাতিসংঘ সদরদপ্তরের ক্রীড়া উন্নয়ন ও শান্তি কর্মকর্তা জিবরিল দিয়ালো।
স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা ফুটবল দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে।
