আবুধাবিতে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে খেলতে পিসিবি’র অস্বীকৃতি
এ বছরের সেপ্টেম্বর মাসে আবুধাবিতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট আসরের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে পাকিস্তান দল অংশ নিবে বলে পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও পবিত্র রমজান মাসের জন্য এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন পিসিবি’র চেয়ারম্যান শাহরিয়ার খান।
পিসিবি’র চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র আইন অনুযায়ী কোন টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে অন্য কোন টুর্নামেন্টে কোনও দলের অংশ নেওয়ার বিধান নেই। টুর্নামেন্টের অপর দল শ্রীলঙ্কা এ সময় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি’র বাছাই পর্বে অংশ নেবে। তাই এই টুর্নামেন্টটি আয়োজনে কিছু সমস্যা রয়েছে বলে তিনি জানান।
তাই পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠেয় এই ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজটি চ্যাম্পিয়ন্স ট্রফি’র আগে আয়োজনের পরামর্শ দিয়েছিলেন পিসিবি’র চেয়ারম্যান।
এদিকে আয়োজকমন্ডলি টুর্নামেন্টটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আসরের পরে আয়োজনের প্রস্তাব দিলেও পাকিস্তান এই সময় দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে বলে তা মানতে অস্বীকৃতি জানিয়েছে।
