২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড ফুটবল দলের নতুন অধিনায়ক জন টেরি

চেলসির অধিনায়ক জন টেরিকে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক মনোনীত হয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2006, 10:07 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলের পর স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কারণে ইংল্যান্ডের অধিনায়ক পদে কাকে মনোনীত করা হবে তা নিয়ে বহু জল্পনা--কল্পনা চলছিল।

তবে শেষ পর্যন্ত ২৫ বছর বয়সী চেলসির অধিনায়ক জন টেরিকেই এই গুরুদায়িত্ব অর্পণ করেছে ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশন। জন টেরি শতকরা ৫১ ভাগ, স্টিভেন জেরার্ড ৪৬ ভাগ ও গ্যারি নেভিল ২ ভাগ ভোট পান।

এদিকে লিভারপুলের অধিনায়ক স্টিভেন জেরার্ডকে সহ--অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৬ আগস্ট গ্রিসের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে খেলার মাধ্যমে টেরি ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব শুরু করবেন।

ফুটবল এসোসিশনের ওয়েব সাইটে ইংল্যান্ডের ম্যানেজার ম্যাকক্লারেন জানান, “একজন আন্তর্জাতিক অধিনায়কের যে সব গুণ থাকা প্রয়োজন জন টেরির মধ্যে তা সবই আছে । নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, মনোবল, ক্রীড়া কৌশল জ্ঞান সব ধরনের যোগ্যতাই আছে তার। টেরি চেলসি ক্লাবের অনুপ্রেরণা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে তিনিই সেরা।”

ইংরেজ ম্যানেজার আরো বলেন, “ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের কোচিংয়ের সাথে আমি গত পাঁচ বছর ধরে জড়িত আছি। দলে নেতৃত্ব দেওয়ার মত বেশ কয়েকজন শক্তিশালি খেলোয়াড় রয়েছে তা আমি জানি।”

ইংল্যান্ড দলের দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে টেরি বলেন, “দেশের অধিনায়ক নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। এটা আমার জন্য অবিশ্বাস্য সুযোগ এবং আমি সামনের দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর।”

নেতৃত্ব পাওয়ার লড়াইয়ে মাঠে নামলেও সহ--অধিনায়ক স্টিভেন জেরার্ড নতুন অধিনায়ক টেরিকে অভিনন্দন জানাতে ভুলেননি।

জেরার্ড বলেন, “ইংল্যান্ডের অধিনায়ক মনোনীত হওয়ায় আমি জনকে অভিনন্দন জানাচ্ছি। তিনি দলের পক্ষে ভাল কাজ করবেন বলে নিশ্চিত। ম্যানেজার ম্যাকক্লারেন আমাকে সহ--অধিনায়ক মনোনীত করায় আমি আনন্দিত। দলে অধিনায়ক হওয়ার যোগ্য বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে। তবে আমি মনে করি দলের সকলেই স্টিভ ও জনকে শতভাগ সাহায্য করবে।”

২০০৩ সালের ৩ জুন সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে প্রথমবার ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেন টেরি। তিনি ২৯ বার ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করেন।

২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল আসরের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিরুদ্ধে পরাজিত হওয়ার এক দিন পর ডেভিড বেকহ্যাম অধিনায়কের পদ স্বেচ্ছায় ছেড়ে দেন। ইংরেজ কোচ পিটার টেইলর ২০০০ সালে বেকহ্যামকে অধিনায়ক মনোনীত করার পর তিনি ছয় বছর এই দায়িত্ব পালন করেন।