২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনাল্ডিনহোর নৈপুণ্যে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিরুদ্ধে ড্র করেছে বার্সালোনা

রোনাল্ডিনহোর চমৎকার ক্রীড়া নৈপুণ্যের ওপর ভর করে উত্তর আমেরিকা সফরের তৃতীয় প্রদর্শনী ম্যাচে বার্সেলোনা ৪ - ৪ গোলে মেক্সিকোর ‘আমেরিকা ক্লাব’এর বিরুদ্ধে ড্র করেছে। ম্যাচের শেষ ১০ মিনিটে তিনটি গোল করেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2006, 01:45 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

ম্যাচের পাঁচ মিনিটে বার্সা’র মেক্সিকান ফুটবলার রাফায়েল মার্কুয়েজ গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। কিন্তু দ্বিতীয় গোলের দেখা পেতে বার্সা’র সমর্থকদের ৮৫ মিনিট অপেক্ষা করতে হয়। দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার জ্যাভিয়ের স্যাভিওলা। চার মিনিট পর তৃতীয় গোলটি করেন ব্রাজিলীয় তারকা রোনাল্ডিনহো।

রেলিয়ান্ট স্টেডিয়ামে বার্সা’র পক্ষে ইনজুরি সময়ে সমতা সূচক গোলটি করেন ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল ইতো।

মেক্সিকান ক্লাবটির পক্ষে ম্যাচের প্রথমার্ধে প্যারাগুয়ের স্ট্রাইকার নেলসন কুভাস হ্যাট্রিক পূর্ণ করেন। তিনি ম্যাচের তিন মিনিট, ৩০ মিনিট ও ৪৪ মিনিটে তিনটি গোল করে দলকে নিশ্চিত জয়ের দিকে নিয়ে যান। ৬১ মিনিটে আমেরিকা ক্লাবের পক্ষে অপর গোলটি করেন ওলেগুয়ের।

এই ম্যাচ ড্র করার ফলে উত্তর আমেরিকা সফরে বার্সেলোনা একটি ম্যাচ জয় এবং দু’টি ম্যাচ ড্র করলো।

মেক্সিকোতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে মন্টেরি ক্লাবের বিরুদ্ধে ৩ - ০ গোলে জয় পায় বার্সোলোনা। লস এঞ্জেলসে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ১ - ১ গোলে মেক্সিকান ক্লাব শিভাস ডি গুয়াডেলাজারার বিরুদ্ধে ড্র করে বার্সা।

শনিবার নিউইয়ার্কে মেজর লিগ ক্লাব রেড বুলস’এর বিরুদ্ধে উত্তর আমেরিকা সফরের শেষ ম্যাচ খেলবে বার্সেলোনা।