মন্টি বিশ্বের অন্যতম সেরা স্পিনার: ফ্লেচার
পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্ট জয়ের পর ইংরেজ কোচ ডানকান ফ্লেচার লেগস্পিনার মন্টি পানেসারের বোলিং নৈপুণ্যে প্রশংসা করে তাকে বিশ্বের অন্যতম সেরা স্পিনার বলে মন্তব্য করেছেন।
ফ্লেচার বলেন, “বিশ্ব ক্রিকেটে বর্তমানে পানেসারের মত লেগস্পিনার আর নেই। বলের ওপর তিনি খুব ভাল নিয়ন্ত্রণ রাখতে পারেন। ওল্ড ট্রাফোর্ডের পিচ ভিন্ন ধরনের ও কিছুটা ধীর গতির হলেও তিনি চমৎকার বোলিং করেন।”
ওল্ড ট্রাফোর্ড টেস্টে পানেসার ৯৩ রানের বিনিময়ে তুলে নেন আটটি উইকেট।
ফ্লেচার আরও বলেন, “আসন্ন অ্যাশেজ টেস্ট সিরিজ দলে পানেসারের অন্তর্ভূক্তি করা হলে ইংল্যান্ডের দলীয় শক্তি বৃদ্ধি পাবে।”
নিতম্বের ইনজুরির কারণে অভিজ্ঞ লেগস্পিনার অ্যাশলে জাইলস অ্যাশেজ সিরিজে নাও খেলতে পারেন। তাই অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দলে পানেসারের ডাক পাওয়া একপ্রকার নিশ্চিত বলে ইংরেজ কোচ জানান।
পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের ২ - ০ ব্যবধানে চলমান চার টেস্টের সিরিজ জয় নিশ্চিত করার পেছনে ২৪ বছর বয়সী নর্থহ্যামটনশায়ার ক্লাবের ন্যাটা স্পিন বোলার পানেসারের অবদান অনস্বীকার্য।
