পাকিস্তানকে টপকে এলজি-আইসিসি টেস্ট রযাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে ইংল্যান্ড
পাকিস্তানকে টপকে এলজি-আইসিসি টেস্ট র্যাঙ্কিয়ের দ্বিতীয় স্থানটি দখল করেছে ইংল্যান্ড। তবে প্রথম স্থানটি অস্ট্রেলিয়ার দখলেই রয়েছে।
দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে চার টেস্টের চলমান সিরিজে ইংল্যান্ড ২ - ০ ব্যবধানে এগিয়ে থাকার পর একটি বিষয় নিশ্চিত যে, বিশ্বের সেরা দু’দল আসন্ন ঐতিহাসিক অ্যাশেজ টেস্ট সিরিজে পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে। নভেম্বর মাসে ব্রিজবেনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অ্যাশেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে।
হেডিংলিতে পাকিস্তানকে ১৬৭ রানে ধরাশায়ী করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড।
গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ - ১ ব্যবধানে অ্যাশেজ টেস্ট সিরিজ জয়ের পর ইংরেজদের এটাই প্রথম টেস্ট সিরিজ জয়।
অপরদিকে ২০০৪/০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে তিন টেস্টের সিরিজ পরাজয়ের পর পাকিস্তানের এটাই প্রথম সিরিজ পরাজয়।
র্যাঙ্কিংয়ের চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের মাটিতে ২ - ০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করার সুবাদে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লঙ্কানদের। ভারতের কাছ থেকে এখনও আট পয়েন্ট পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
চার পয়েন্ট হারিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং দুই পয়েন্ট পিছিয়ে সপ্তম স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
