২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচ খেলতে থাইল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের ঢাকা ত্যাগ

কোচ দিয়েগো আন্দ্রে ক্রুসিয়ানিকে ছাড়াই বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল সোমবার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

আগামী ১৮ আগস্ট থেকে শ্রীলংকার রাজধানী কলম্বোয় অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়া (এসএ) গেমসে অংশগ্রহণ উপলক্ষে বাংলাদেশ দল থাইল্যান্ডে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

ফিরোজ মাহমুদ টিটুর নেতৃত্বাধীন বাংলাদেশ দল ১১ আগস্ট কলম্বোর উদ্দেশ্যে ব্যাংকক ত্যাগের আগে ৯ আগস্ট সেখানে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে।

ভিসাগত জটিলতার কারণে কোচ ক্রুসিয়ানির যাত্রা দেরী হচ্ছে এবং তিনি মঙ্গলবার ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বর্তমানে দলের সাথে আছেন।

বাংলাদেশ দল ১৪ আগস্ট নেপালের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচটি খেলবে। এ ছাড়া তারা, ১৬ আগস্ট আফগানিস্তানের বিরুদ্ধে এবং ১৯ আগস্ট গ্র“পের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবে।

উল্লেখ্য গেমস ১৯ আগস্ট থেকে শুরু হলেও ফুটবল ম্যাচ ১৪ আগস্ট থেকে শুরু হবে।

বাংলাদেশ দলে অন্তর্ভুক্তরা হলেন আতিকুল ইসলাম তারেক, এমএন শাকিল, ফিরোজ মাহমুদ টিটু (অধিনায়ক), ফয়সাল মাহমুদ, মেহেদী হাসান উজ্জ্বল, আরমান আজিজ (সহ-অধিনায়ক), জাহিদ হাসান এমিলি, আবুল কাশেম, আরিফুল ইসলাম, আরাফাত আলী রণি, জাহিদ হোসাইন, মোহাম্মদ রবিব, মহিউদ্দিন ইবনুল সিরাজী, জাহেদ পারভেজ চৌধুরী, মেহেদী হাসান তপু, জহিরুল ইসলাম,ওয়ালি ফয়সাল, শাহরিয়ার আব্দুল্লাহ রিন্টু, এনামুল হক শরীফ এবং আব্দুল্লাহ আল পারভেজ।