স্ট্রসের সেঞ্চুরি ওপর ভর করে পাকিস্তানের সামনে ৩২৩ রানের লক্ষ্য ছুড়ে দিল ইংল্যান্ড
পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ইংরেজ অধিনায়ক এন্ড্রু স্ট্রসের রাজকীয় সেঞ্চুরির সুবাদে সফরকারীদের সামনে ৩২৩ রান জয়ের লক্ষ্য বেঁধে দিতে সমর্থ হয়েছে ইংল্যান্ড।
হেডিংলি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে স্বাগতিক ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৩৪৫ রানে গুটিয়ে যায়। দিনের চূড়ান্ত ওভারটি খেলতে পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ব্যাট করতে মাঠে নামলেও কোন রান করতে পারেননি।
অধিনায়ক স্ট্রস দায়িত্বশীলভাবে ১১৬ রান করা ছাড়াও মার্কাস ট্রেসকোথিকের সাথে উদ্বোধনী জুটিতে ১৫৮ রান তোলেন। তবে এরপর তাসের ঘরের মত ইংল্যান্ডের ব্যাটিং লাইনে ধস নামে।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কেভিন পিটারসেন ব্যক্তিগত ১৬ রানের মাথায় লেগস্পিনার দানিশ কানেরিয়ার বলে বোল্ড হয়ে যান। অপর সেঞ্চুরিয়ান ইয়ান বেলও তেমন সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ৪ রানের মাথায় পেসার মোহাম্মদ সামির বলে উইকেটরক্ষক কামরান আকমলের হাতে ধরা দেন তিনি।
দু’বছর পর ইংল্যান্ড দলে সুযোগ পেলে উইকেটরক্ষক ক্রিস রেড ৫৫ রান করে দলের স্কোর ৩০০ রানের অধিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ইতোমধ্যেই একটি টেস্ট জয় করে ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজে ১ - ০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে পাকিস্তানের সামনে টেস্ট জয় ছাড়া কোন বিকল্প পথ নেই।
পাকিস্তান প্রথম ইনিংসে ৫৩৮ রান করলেও দ্বিতীয় ইনিংসে তাদের অধিনায়ক ইনজামাম উল হক বুকে ব্যথা পাওয়ার কারণে কিছুটা সংকিত পাক শিবির।
