নাফিসের সেঞ্চুরির ওপর ভর করে শেষ ম্যাচে জয় পেল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ওপেনার শাহরিয়ার নাফিসের সেঞ্চুরির ওপর ভর করে আট উইকেটের বড় জয় পেয়েছে সফরকারী বাংলাদেশ।
জিম্বাবুয়ের ১৯৭ রানের জবাবে বাংলাদেশ ৪৪ ওভার চার বলে মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। নাফিস ১১৮ রানে এবং ডেব্যুটেন্ট সাকিবুল হাসান ৩০ রানে অপরাজিত থাকেন।
তবে এর আগের ম্যাচেই সিরিজ জয়ের কাজটি সেরে ফেলে স্বাগতিক জিম্বাবুয়ে।
টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশের স্পিনাররা ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেন। স্পিনারদের হাতেই সাতটি উইকেট খোয়াতে হয়েছে স্বাগতিকদের। ইনিংসের তিন বল বাকি থাকতে ১৯৭ রানের সল্প সংগ্রহে সবগুলো উইকেট হারাতে হয় তাদের।
জিম্বাবুয়ের ইনিংসে মাসাকাদজা ১০১ বল খেলে সর্বোচ্চ ৭৫ রান করে রাজিন সালেহর বলে বোল্ড আউট হন। এছাড়া টি ডাফিন ৪৯ বলে ৪০, টেইলর ৭১ বলে ২৪, ভি সিবান্দা ২৬ বলে ১৭ রান করেন।
বাংলাদেশের পক্ষে অনিয়মিত বোলার রাজিন সালেহ মাত্র চার দশমিক তিন ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন। এ ছাড়াও আব্দুর রাজ্জাক রাজ ১০ ওভারে ২৪ রান দিয়ে দুটি এবং সৈয়দ রাসেল ও সাকিবুল হাসান একটি করে উইকেট লাভ করেন।
এটি ছিল মুশফিকুর রহিম ও সাকিবুল হাসানের অভিষেক ম্যাচ।
জয়ের জন্য ১৯৮ রানের টার্গেট সামাল দিতে বাংলাদেশ দলের দু ব্যাটসম্যান রাজিন সালেহ ও শাহরিয়ার নাফিস বেশ ভালোভাবেই সামাল দেন জিম্বাবুয়ের পেস অ্যাটাক। দিনটি ছিল শাহরিয়ার নাফিসের। প্রথম থেকে ইনিংসের শেষ পর্যন্ত মাঠের চারদিকে ড্রাইভের ফুলঝুরি ছড়িয়ে ১১৮ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে বাউন্ডারি ছিল এক ডজন। এটি তার প্রথম সেঞ্চুরি।
ম্যাচের ২২ ওভারের মাথায় রাজিন সালেহ ৩৭ রানের মূল্যবান একটি ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। এর পর আফতার মাঠে নামলেও ছয় রানের বেশি করতে পারেননি।
এরপর নাফিস ম্যাচ জয়ের বাকি কাজটুকু সাকিবকে সাথে নিয়ে সেরে ফেলেন। ডেবুটেন্ট সাকিব ৪৮ বলে অপরাজিত ৩০ রানের মূল্যবান ইনিংস খেলেন।
