নিজেকে ট্যুর ডি ফ্রান্স শিরোপা জয়ী ঘোষণা করলেন স্পেনের অস্কার পেরেইরা
পৃথিবীর বৃহত্তম ও আকর্ষণীয় সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্স’র এবারের রানার আপ স্পেনের অস্কার পেরেইরা নিজেকে ট্যুর ডি ফ্রান্সের চ্যাম্পিয়ন বলে দাবী করেছেন।
ডোপিং টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ায় ইন্টারন্যাশনাল সাইক্লিং ইউনিয়ন (ইউসিআই) এবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ফ্লয়ড ল্যান্ডিস - এর শিরোপা ছিনিয়ে নেবার সিদ্ধান্ত নেওয়ার পর রানার আপ অস্কার পেরেইরা নিজেকে ট্যুর ডি ফ্রান্সের চ্যাম্পিয়ন বলে এই ঘোষণা দিলেন।
অস্কার পেরেইরা ফ্লয়ড ল্যান্ডিসের থেকে মাত্র ৫৭ সেকেন্ড পিছিয়ে থেকে ট্যুর ডি ফ্রান্সের রানার আপ হন।
পেরেইরা বলেন, ‘এই মুহূর্তে আমি নিজেকে ট্যুর ডি ফ্রান্সের চ্যাম্পিয়ন মনে করে গর্ব অনুভব করছি। এই জয় আমার পুরো দলের’।
ফ্লয়ড ল্যান্ডিসের রক্ত পরীক্ষার পর ইউসিআই জানিয়েছে, তার রক্তের নমুনায় ‘বি স্যাম্পল’ অর্থাৎ অতিরিক্ত পরিমাণে টেস্টোস্টেরন পাওয়া গেছে।
ইউআইসি এখন অস্কার পেরেইরাকে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করলে ১৯৯৫ সালের চ্যাম্পিয়ন মিগেল ইনড্যুরেন এর পর তিনিই হবেন ট্যুর ডি ফ্রান্স বিজয়ী প্রথম স্পেনীয়।
ট্যুর ডি ফ্রান্সের পরিচালক ক্রিশ্চিয়ান প্র“ডহোম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, ইউসিআই এখন ফ্লয়ড ল্যান্ডিসকে আর চ্যাম্পিয়ন হিসেবে বিবেচনা করছে না।
ক্রিশ্চিয়ান জানান, ‘এটা খুব পরিষ্কার যে, শিরোপাজয়ী হিসেবে ল্যান্ডিসের নাম ট্যুর ডি ফ্রান্সের ইতিহাসে থাকতে পারে না।
তবে আনুষ্ঠানিকভাবে পেরেইরাকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে আরো কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসও লাগতে পারে বলে উল্লেখ করে ক্রিশ্চিয়ান বলেন, ‘ট্যুর ডি স্পেনের একটি আসরে এরকম একটি ডোপিং এর ঘটনা ঘটেছিল। সেবারের আসরের চ্যাম্পিয়নের ডোপিং টেস্ট ‘পজিটিভ’ হওয়ায় শেষ পর্যন্ত রানার আপকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়’।
ক্রিশ্চিয়ান আরো জানান, ল্যান্ডিসের মতো এভাবে আর কেউ যেন ট্যুর ডি ফ্রান্সকে কলঙ্কিত করতে না পারে সেজন্য নিষিদ্ধ সকলপ্রকার শক্তিবর্ধক ঔষধের ব্যবহার নির্মূলের জন্য ব্যবস্থা নেবে ইউসিআই।
