২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের ৫১৫ রানের জবাবে পাকিস্তান ২০২/২, সিরিজে বেলের তৃতীয় সেঞ্চুরি

ইংল্যান্ডের প্রথম ইনিংসে গড়া ৫১৫ রানের জবাবে শুরুটা ভালই করেছে পাকিস্তান। সফরকারি পাকিস্তান দল হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনে দুই উইকেটে ২০২ রান করে দিন শেষে করেছে। পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ৯১ রান এবং ইউনুস খান ৬৪ রান নিয়ে অপরাজিত থাকেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 12:25 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এদিকে ইংরেজ ব্যাটসম্যান ইয়ান বেল হেডিংলিতে সিরিজের তৃতীয় সেঞ্চুরি করেছেন।

সফরকারি পাকিস্তানি দলের অবশ্য শুরুটা ভালো হয়নি। শুরুতেই সালমান বাট ও তৌফিক ওমরের উইকেট দু’টি হারিয়ে চাপের মুখে পড়ে পাকিস্তান। তবে যথারীতি দুই নির্ভরযোগ্য ‘ই’ ইউসুফ ও ইউনুস মাঠে এসে পরিস্থিতি সামাল দেন। অবিচ্ছিন্ন এ জুটির এখন পর্যন্ত সংগ্রহ ১৬৬ রান ।

ইয়ান বেল দেশের মাটিতে টানা তিন ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন। তবে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে অনন্য এ রেকর্ডের তিনি একক ভাগীদার নন। এর আগে ১৯৮৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যালান ল্যামও পরপর তিন টেস্টে তিন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ১১৯ রান সংগ্রহ করার পর বেল লেগস্পিনার দানিশ কানেরিয়ার বলে বোল্ড হয়ে যান।

তৃতীয় টেস্টের প্রথম দিনের অপরাজিত ও আহত সেঞ্চুরিয়ান কেভিন পিটারসেন ১১৯ রান করে মোহাম্মদ সামির বলে শাহেদ নাজিরের হাতে ধরা দেন। পিটারসেন ১৩৫ বল মোকাবেলা করে এই রান করেন যার মধ্যে বাউন্ডারি ছিল ২০ টি এবং ছক্কা দু’টি।

ইংলিশ বোলার সাজিদ মাহমুদ ও স্টিভ হার্মিসন নবম উইকেট জুটিতে ৫৬ রান করেন।

পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল বোলার ২১ বছর বয়সি ওমর গুল ইংল্যান্ডের পাঁচজন ব্যাটসম্যানকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দিয়েছেন। শোয়েব, আসিফ ও রানা নাভিদের অসুস্থতার কারণে খেলার সুযোগ পেয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন গুল।

ইংল্যান্ডের ৫১৫ রানের জবাবে মাঠে নেমেই চাপের মুখে পড়েছিলো পাকিস্তান। ব্যক্তিগত ২০ রানের মাথায় রান আউট হয়ে যান সালমান বাট। ব্যক্তিগত সাত রানে অপর উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক ওমরের উইকেটটি তুলে নেন ম্যাথু হগার্ড।