২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেনের সেঞ্চুরির উপর ভর করে প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩৪৭/৬

সফরকারি পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনে কেভিন পিটারসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে ইংল্যান্ড দিন শেষে ছয় উইকেটে ৩৪৭ রান সংগ্রহ করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 01:00 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

বাম হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়ার আগে দক্ষিণ আফ্রিকান বংশদ্ভূত পিটারসেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন। সেসময় তিনি ১০৪ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দু’টি ম্যাচের সেঞ্চুরিয়ান ইয়ান বেল ৬৬ রান নিয়ে অপরাজিত আছেন।

দিনের শেষ ওভারের শেষ বলে পেসার ওমর গুল ইংলিশ নাইটওয়াচম্যান ম্যাথু হগার্ডকে শূণ্য রানেই বোল্ড করে দেন। দিনশেষে গুল নিজের ঝুলিতে ৪টি উইকেট জমা করেছেন ৭৩ রানের বিনিময়ে।

চার ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড ১ - ০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

ঘটনাবহুল ম্যাচটিতে ২৬ বছর বয়সী কেভিন পিটারসেন তিনবার আউট হওয়া থেকে রক্ষা পান। প্রথমবার পিটারসেনকে তালুবন্দী করতে ব্যর্থ হন পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক নিজেই। দ্বিতীয়বার মিডিয়াম ফাস্ট বোলার শাহেদ নাজিরের বল প্রথমে পিটারসেনের ব্যাটের কানায় এবং পরে নিতম্বে লেগে উইকেটরক্ষক কামরান আকমলের হাতে জমা হলেও আম্পায়ার আউট হয়নি বলে সিদ্ধান্ত জানান।

ব্যক্তিগত ২৯ রানের মাথায় ক্যাচ তুলে দিলেও নাজিরের বলটি নো-বল ঘোষিত হওয়ায় পিটারসেন আবারো রক্ষা পান।

তবে শেষ পর্যন্ত শাহেদ নাজিরের বলে আঘাত পেয়েই মাঠ ছাড়তে বাধ্য হন কেভিন পিটারসেন। এর আগেই অবশ্য ১২৩ টি বল মোকাবেলা করে মারকুটে এ ব্যাটসম্যান ১৫ টি বাউন্ডারি ও দু’টি ছক্কার সাহায্যে ১০৪ রান তুলে ফেলেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

টস জিতে ইংলিশ ব্যাটসম্যানরা ব্যাট করতে মাঠে নামার পর ট্রেসকোথিক ও অধিনায়ক স্ট্রস ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন।

ব্যক্তিগত ২৮ রানের মাথায় ট্রেসকথিক সামিকে ফিরতি ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ইংলিশ অধিনায়ক স্ট্রসকে ব্যক্তিগত ৩৬ রানে ফিরিয়ে দেন নাজির।

এরপর পিটারসেন ও পল কলিংউড ৮২ রানের জুটি গড়ে তুলে ইংল্যান্ডকে একটি সংহত অবস্থায় নিয়ে যান। ব্যক্তিগত ৩১ রান করে কলিংউড তৌফিক ওমরের হাতে ওমর গুলের বলে ধরা দেন।

২৮ বছর বয়সী নাজির সাত বছর পর পাকিস্তান দলে ডাক পেয়ে দারুন বল করেন। পাকিস্তানের পক্ষে তিনি মাত্র নয়টি টেস্ট ম্যাচ খেলেছেন। দিন শেষে নাজির একটি উইকেট পেলেও তার বল মোকাবেলা করতে ইংলিশ ব্যাটসম্যানদের বেশ বেগ পেতে  হয়েছে।