ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচে ফিরছেন আতাপাত্তু
ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলম্বোতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে অংশ গ্রহণের মাধ্যমে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মারভান আতাপাত্তু আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন।
ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজের জন্য লঙ্কান ক্রিকেট বোড ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
৩৫ বছর বয়সী আতাপাত্তু পিঠের ব্যথায় ভোগার কারণে এ বছরের মে মাসে অস্ত্রোপচার করান এবং পাঁচ মাস বিশ্রামে থাকেন।
আতাপাত্তু বিগত দশ বছর ধরে লঙ্কান ক্রিকেট দলের টপ-অর্ডারের মূল ব্যাটসম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ৮৮ টি টেস্টে ৫, ৩৩০ রান এবং ২৫৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৮, ২৩৩ রান করেছেন।
তবে লঙ্কান দলে আতাপাত্তু ফিরলেও ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজে শ্রীলঙ্কা দলের অধিনায়কত্ব করবেন মাহেলা জয়াবর্ধনে এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা।
১৪ থেকে ২৯ আগস্ট পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বোতে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে।
লঙ্কান দল: মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), মারভান আতাপাত্তু, কুমার সাঙ্গাকারা, মুত্তিয়া মুরালিধরন, সনথ জয়সুরিয়া, উপল থারাঙ্গা, তিলেকারাতে, দিলশান, চামারা কাপুগেদেরা, পারভেজ মাহারুফ, চামিন্দা ভাস, লাসিথ মালিঙ্গা, দিলহারা ফার্নান্ডো, মালিঙ্গা বান্দারা ও প্রাসান্না জয়াবর্ধনে।
