দায়িত্বহীন ব্যাটিং-এ বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয়ের স্বপ্ন ধূলিস্যাৎ
ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিং বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয়ের স্বপ্নকে নস্যাৎ করে দিয়েছে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডে ম্যাচে শুক্রবার সফররত বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে পরাজিত হয় সাত উইকেটে।
ফলে এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিল।
স্ট্রাইডম ও সিবানদা’র ব্যাটিং নৈপূণ্যে স্বাগতিকরা ৮.২ ওভার বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে ২১২ করে লক্ষ্যে পৌছে যায়।
ওয়ান-ডাউনে খেলতে নামা স্ট্রাইডম একটি ছয় ও আটটি চারের সাহায্যে ৫৮ বলে ৫৮ রান করেন। সিবানদা করেন ৬৮ বলে ৪৬ রান। তার ইনিংসটিতে ছ’টি চার ও দু’টি ছয়ের মার ছিল।
টেইলর ২৭ রানে ও মাটসিকেনেরি ২৬ রানে অপাজিত ছিলেন।
ফরহাদ রেজা, মোহাম্মদ রফিক ও আব্দুর রাজ্জাক যথাক্রমে ১৯, ৩০ ও ৪২ রানের বিনিময়ে একটি করে উইকেট নেন।
জিম্বাবুয়ের বোলাররা নির্ভুল লাইন ও লেন্থ বজায় রেখে বল করতে না পারলেও বাংলাদেশী ব্যাটম্যানরা তার সুযোগ নিতে ব্যর্থ হয় এবং নয় উইকেট হারিয়ে সাকুল্যে ২০৬ রান সংগ্রহ করে। সিরিজে প্রথমবারের মতো টস জিতে বাংলাদেশ দল ব্যাট করার সিদ্ধান্ত নেয়, শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার সেই পুরানো গল্প। দলীয় ২১ রানের মাথায় রেইনফোর্ডের বলে রাজিন সালেহ (১১) কট আউট হলে পতন ঘটে প্রথম উইকেটের। অর্থাৎ ওপেনিং জুটি পরপর চতুর্থবারের মতো ব্যর্থ। এর আগের তিন ম্যাচে প্রথম উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল যথাক্রমে ১৫, ১৭ ও ৪।
দলীয় ৭৩ রানের মাথায় মাসাকাদজার বলে প্যাভিলিয়নে ফেরত যান আফতাব (২৭)। এরপর বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং ৪০ দশমিক ৪ ওভারে পৌঁছায় ১৬০ রানে। জিম্বাবুয়ে অধিনায়ক ৪১তম ওভারে আহত মাশরাফি বিন মুর্তাজার জন্য রানার দিতে রাজী না হওয়ায় স্লগ ওভারে বাংলাদেশ আশানুরূপ সংগ্রহ গড়ে তুলতে পারেনি। সর্বশেষ পাঁচ ওভারে যোগ হয় মাত্র ২৮ রান।
ওপেনার শাহরিয়ার নাফিস ৯৩ বলে চারটি চারে সর্বোচ্চ ৪৫ এবং ফরহাদ রেজা ৫০ বলে ৩০ রান করেন।
এছাড়া মাশরাফি ২৮ বলে ২৩ এবং ভারপ্রাপ্ত অধিনায়ক খালেদ মাসুদের ৩৮ বলে ২০ রানের কল্যাণে বাংলাদেশের সংগ্রহ দু’শো পার হয়।
জিম্বাবুয়ের প্রসপার উৎসেয়া, হ্যামিলটন মাদাকাদজা ও রেইনফোর্ড যথাক্রমে ২৫, ৩৬ ও ৪৬ রানের বিনিময়ে দুটি করে উইকেট লাভ করেন।
