২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ওয়ান ডে ম্যাচে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩৬

হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত তৃতীয় একদিনের ম্যাচে আফতাব আহমেদ ও রাজিন সালেহ’র অর্ধশতকের ওপর ভর করে স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

টসে হেরে ব্যাট করতে নেমে খেলার তৃতীয় ওভারে মাত্র ১৩ রানের মাথায় ওপেনার শাহরিয়ার (০) ও জাভেদ ওমর (৬) আউট হয়ে গেলে বিপর্যয়ের মুখে পড়ে বেঙ্গল টাইগাররা। তবে তৃতীয় উইকেট জুটিতে হাবিবুল বাশারের পরিবর্তে খেলতে নামা রাজিন সালেহ ও আফতাব আহমেদ দৃঢ়তার সাথেই এই বিপর্যয় কাটিয়ে ওঠেন। আফতাব তার মারমুখী ব্যাটিংয়ে মাত্র ৩২ বলে অর্ধশতক পূর্ণ করে দলকে একটি সংহত অবস্থানে নিয়ে যান। আফতাব ৫৩ রানে আয়ারল্যান্ডের বলে বোল্ড আউট হবার আগে এই জুটি ১২ ওভারে ৭০ রান করে। চতুর্থ উইকেট জুটিতে রাজিন ও আশরাফুল মূল্যবান ৯১ রান যোগ করে স্কোরকে ৩২ ওভারে ১৭৪ রানে টেনে তোলেন। এরপর মাসাকাদজা’র বলে টেইলরের হাতে তালুবন্দী হবার আগে আশরাফুল ৪৬ রান করেন। আশরাফুলের আউটের মাত্র ৫ রানের মাথায় মাসাকাদজা’র বলে জিম্বাবুয়ের অধিনায়ক উৎসেয়া’র হাতে রাজিন সালেহ আউট হলে বাংলাদেশের বড় একটি স্কোর গড়ার স্বপ্ন ভেঙ্গে যায়। রাজিন ৯০ বলে ৫৪ রান করেন।

দলীয় ২০১ রানের মাথায় বাংলাদেশের দুই পিনচ হিটার মোহাম্মদ রফিক শূণ্য রানে এবং মাশরাফি মাত্র ২ রানে আউট হবার পর নবম উইকেট জুটিতে খালেদ মাসুদ পাইলট ও তরুণ আব্দুর রাজ্জাক মূল্যবান ২৩ রান যোগ করেন। পাইলট ১১ রান করে ৪৭ তম ওভারে রান আউট হন। শেষ ব্যাটসম্যান শাহাদাত ১ রানে আউট হয়ে গেলে আব্দুর রাজ্জাক ২০ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের মাসাকাদজা ও আয়্যারল্যান্ড উভয়েই যথাক্রমে ৩৯ ও ৪১ রানের বিনিময়ে ৩ টি করে উইকেট লাভ করেন। এ ছাড়া অপর দুই বোলার মুপারিওয়া ও মাহওয়্যার ১ টি করে উইকেট লাভ করেন।