মুরালি জাদুতে প্রথম টেস্টে কুপোকাৎ দক্ষিণ আফ্রিকা
লঙ্কান জাদুকর অফ - স্পিনার মুত্তিয়া মুরালিধরনের ঘূর্নি বলে সফরকারী দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে এক ইনিংস ও ১৫৩ রানে পরাজিত হয়েছে।
সোমবার কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে টেস্টের পঞ্চম দিনে মুরালিধরন দ্বিতীয় ইনিংসে ১৩১ রানের বিনিময়ে ছয়টি উইকেট তুলে নিলে প্রোটিয়াসদের দ্বিতীয় ইনিংস ৪৩৪ রানেই থামিয়ে দেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মুরালিধরন উভয় ইনিংস মিলিয়ে ১৭২ রানের বিনিময়ে ১০ উইকেট পান। এ নিয়ে ক্যারিয়ারে ১৭ বার তিনি ১০ টি বা তারও অধিক উইকেট পেলেন। তিনি পাঁচটি বা তারও অধিক উইকেট পেয়েছেন ৫৪ বার।
৩৪ বছর বয়সী মুরালিধরন ১০৭ টি টেস্ট খেলে বর্তমানে ৬৪৫ টি উইকেটের মালিক। দ্বিতীয় স্থানে রয়েছেন অসি লেগ - স্পিনার শেন ওয়ার্ন।
সফরকারী প্রোটিয়াসরা টেস্টের শেষ দিনে ৩১১--৪ স্কোর নিয়ে খেলতে নেমে ১২৩ রান সংগ্রহ করতেই বাকি ছয়টি উইকেট হারিয়ে বসে। এই জয়ের ফলে দুই টেস্টের সিরিজে ১ - ০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক লঙ্কানরা।
শুক্রবার শারা স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে।
প্রোটিয়াসদের পক্ষে একমাত্র উইকেটরক্ষক মার্ক বাউচার লঙ্কান বোলারদের বিরুদ্ধে লড়াই করেন। তিনি ৮৫ রান করে আউট হন।
দিনের দ্বিতীয় ওভারেই মুরালিধরন প্রোটিয়াস দলনায়ক অ্যাশওয়েল প্রিন্সকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন। পানিপান বিরতীর আগে উদ্বোধনী ব্যাটসম্যান হার্শেল গিবসকে ফিরিয়ে দেন এই অফ--স্পিনার।
আন্দ্রে নেল ও স্টেইনকেও একে একে ফিরিয়ে দেন মুরালিধরন। প্রোটিয়াস শেষ ব্যাটসম্যান মাখায়া এনটিনিকে ফিরিয়ে দেন লঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালেঙ্গা।
