২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ক্রিকেট দেখার আগ্রহ প্রেসিডেন্ট মোশাররফের

আগামী বছরের মার্চ--এপিল মাসে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ দেখার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জে. পারভেজ মোশাররফ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 11:23 AM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট আসরের আয়োজকমন্ডলির কাছে একজন প্রতিনিধির মাধ্যমে এ তথ্য জানান প্রেসিডেন্ট মোশাররফ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আয়োজকমন্ডলির একজন কর্মকর্তা বলেন, “ইতোমধ্যেই প্রেসিডেন্ট মোশাররফ জ্যামাইকা ও সেন্ট লুসিয়াতে অনুষ্ঠেয় সেমি ফাইনাল এবং বার্বাডোজে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচ দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট আসরের তিনটি ম্যাচ দেখতে চান বলে তার প্রতিনিধি আমাদের জানিয়েছেন।

ক্যারিবীয় অঞ্চলের আটটি দ্বীপরাষ্ট্রে আগামী বছরের ১১ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। ২৪ ও ২৫ এপ্রিল জ্যামাইকা ও সেন্ট লুসিয়াতে সেমি ফাইনাল এবং ২৮ এপ্রিল বার্বাডোজে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

কর্মকর্তা আরও জানান, “এখন পর্যন্ত বিশ্বকাপ ক্রিকেট দেখার জন্য রাষ্ট্রনায়কদের মধ্যে শুধুমাত্র প্রেসিডেন্ট মোশাররফ আগ্রহ প্রকাশ করেছেন।

ক্রিকেট খেলার একজন ভাল সমর্থক প্রেসিডেন্ট মোশাররফ। যখনই তিনি সময় পান তখনই টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ম্যাচ দেখেন।”

এ বছরের এপ্রিল মাসে আবুধাবীতে অনুষ্ঠিত পাক--ভারত একদিনের আন্তর্জাতিক ম্যাচ দেখতে যান মোশাররফ। তাছাড়া জানুয়ারি--ফেব্র“য়ারি মাসে পাকিস্তান সফরে ভারতীয় দলের খেলাও দেখেন তিনি।