দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে’কে ৬২ রানে হারালো বাংলাদেশ, রফিক ম্যান অব দ্য ম্যাচ
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল ৬২ রানে জয়লাভ করেছে।
বাংলাদেশের ২৩৮ রানের জবাবে জিম্বাবুয়ে ১৭৫ রানে অল আউট হলে ৬২ রানের এই বড় জয় পায় বেঙ্গল টাইগাররা।
টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে দল। মাত্র ৩৪ রানের মধ্যেই দুই ওপেনার শাহরিয়ার নাফিস ৭ রানে এবং জাভেদ ওমর ১০ রানে আউট হয়ে গেলে বেশ বিপদেই পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে খেলতে নেমে আফতাব আহমেদ মাত্র ২৫ বলে ৪০ রানের একটি মূল্যবান ইনিংস খেলে মাহওয়্যারের বলে কট আউট হন। এই ঝড়ো ইনিংসে আফতাব ৫ টি চার ও ২ টি ছক্কা মারেন। এরপর অধিনায়ক হাবিবুল বাশার ৫ রানে এবং মোহাম্মদ আশরাফুল ৪ রানে আউট হয়ে গেলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৭৬ রান। দলের এই ঘোর বিপর্যয়ে অনেকটা ত্রাণকর্তার ভূমিকায় খেলতে নামেন ডেব্যুটেন্ট ফরহাদ রেজা। ষষ্ঠ উইকেট জুটিতে কিপার খালেদ মাসুদের সাথে মূল্যবান ৬১ রান যোগ করেন এই তরুণ। ক্যারিয়ারের প্রথম ম্যাচে অর্ধ শতক পূর্ণ করেই আউট হন ফরহাদ রেজা। এরপর মোহাম্মদ রফিক (৩২) ও মাশরাফি’র সাথে ছোটখাটো ২টি জুটি গড়ে বাংলাদেশের স্কোরকে ৮ উইকেটের বিনিময়ে ২৩৮ রানে নিয়ে যান খালেদ মাসুদ। মাসুদ ৪৮ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের মাহওয়্যার ৩ টি এবং রেইনসফোর্ড ও মুপারিওয়া ২ টি করে উইকেট লাভ করেন।
২৩৮ রানের টার্গেটকে তাড়া করতে নেমে জিম্বাবুয়ে দল ৪৪ ওভার ৪ বলে ১৭৫ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ম্যাটসিকেনেরি সর্বোচ্চ ৪৬ ও সিবান্দা ৩৩ রান করেন। বাংলাদেশের পক্ষে শাহাদাত হোসেন ৪১ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন। এছাড়া মোহাম্মদ রফিক ও আব্দুর রাজ্জাক ২ টি করে এবং মাশরাফি ১ টি উইকেট লাভ করেন। মোহাম্মদ রফিক তার মূল্যবান ২ উইকেট ও ৩২ রানের জন্য ‘ম্যান অব দ্যা ম্যাচ’ বিবেচিত হয়েছেন।
এর আগে শনিবার প্রথম খেলায় বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে দুই উইকেটে পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে জয়ের মধ্য দিয়ে ৫ ম্যাচের সিরিজে ১--১ এ সমতা আনলো বাংলাদেশ। আগস্টের ২ তারিখে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
