জিম্বাবুয়ের কাছে ২ উইকেটে হেরে গেল বাংলাদেশ
বিদেশের মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ২ উইকেটে হেরে গেছে। হারারে স্পোর্টস গ্রাউন্ডে শ্বাসরুদ্ধকর এই খেলায় মাত্র ৫ বল বাকী থাকতেই স্বাগতিক জিম্বাবুয়ে ২৪৭ রানের লক্ষ্যে পৌঁছে যায়।
জিম্বাবুয়ের স্টুয়ার্ট ম্যাটসিকেনেরি এবং এলটন চিগুমবুরা’র অনবদ্য হাফ সেঞ্চুরির উপর ভর করে এই অসাধারন জয় ছিনিয়ে নেয় জিম্বাবুয়ে। ষষ্ঠ উইকেট জুটিতে এই দুইজন মুল্যবান ১১৪ রান যোগ করেন।
ম্যাটসিকেনেরি ১০১ বলে ৮৯ রান করে খেলার ৪৬ তম ওভারে শাহাদাতের বলে মাশরাফির তালুবন্দী হন। এলটন চিগুমবুরা ৬৮ বলে ৭০ রানের এক হার না মানা ইনিংস খেলে দলকে জয়ের স্বাদ দেন।
খেলার ৪৯তম ওভারে মাশরাফি পরপর ২ বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশে শিবিরে জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু তা জয় ছিনিয়ে আনার মতো প্রচেষ্টা ছিলনা। এসময়ে জিম্বাবুয়ের জয়ী হতে ৯ বলে ৫ রান দরকার ছিল। হাতে ছিল ২ টি উইকেট। জিম্বাবুয়ে মাত্র ৪ বলেই প্রয়োজনীয় ৫ রান তুলে নিলে বাংলাদেশকে পরাজয় মেনে নিতে হয়। মাশরাফি ৪১ রানে ৪ উইকেট লাভ করেন।
এর আগে ডেবুট্যান্ট অধিনায়ক উটসেয়া টসে জিতে বাংলাদেশ দলকে ব্যাট করতে আমন্ত্রন জানায়। শুরুতে স্বাগতিকরা বেশ সাফল্যও পায় তারা। খেলার ৬ ওভারের মধ্যেই দলীয় ১৬ রানে জাভেদ ওমর এবং আফতাব আহমেদ আউট হয়ে যান। কিন্তু নাফিস এবং মোহাম্মদ আশরাফুল তৃতীয় উইকেট জুটিতে মূল্যবান ৫৯ রান যোগ করে দলকে খেলায় ফিরিয়ে আনেন।
বাংলদেশের ওপেনার নাফিস দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন। এটা তার পঞ্চম ওয়ানডে অর্ধ শতক। ১১৬ বলে এই রান তুলতে নাফিস ৭ টি চার এবং ১ টি ছক্কা মারেন। খেলার ৪৩ ওভারে জিম্বাবুয়ের ফাস্ট বোলার রেইনসফোর্ড-এর একটি বল ড্রাইভ করতে গিয়ে বোল্ড আউট হন নাফিস।
অধিনায়ক বাশার ৫৯ বলে মূল্যবান ৪০ রান করেন। ফাস্ট বোলার মুপারিওয়া’র বলে চিভাভা’র তালুবন্দী হন তিনি। এছাড়া মোহাম্মদ রফিক ৩৯ রান করেন।
জিম্বাবুয়ের ফাস্ট বোলার মুপারিওয়া ৬১ রানের বিনিময়ে ৪ টি উইকেট লাভ করেন।
