পার্টনারশিপের নতুন রেকর্ড গড়লেন লঙ্কার মাহেলা ও সাঙ্গাকারা
কলম্বোর সিংহলিজ স্পোর্টিং ক্লাবের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ৬২৪ রানের পার্টনারশিপের নতুন রেকর্ড সৃষ্টি করলেন লঙ্কাধিপতি মাহেলা ও সতীর্থ সাঙ্গাকারা।
মাহেলা জয়াবর্ধনে’র ট্রিপল সেঞ্চুরি এবং সতীর্থ কুমার সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরির সুবাদে টেস্ট ক্রিকেটের এই সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডটি গড়া সহজ হলো।
এই ৬২৪ রানের পার্টনারশীপে মাহেলা ৩৭৪ ও সাঙ্গাকারা ২৮৭ রান করেন। ৩৭৪ রান করে আউট হয়ে যাওয়ায় মাত্র ২৬ রানের জন্য লারার ৪০০ রানের রেকর্ডটি স্পর্শ করতে ব্যর্থ হন মাহেলা।
স্বদেশী সনাৎ জয়াসুরিয়া এবং রোশান মহানামা ১৯৯৭ সালে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ৫৭৬ রানের এক অনবদ্য পার্টনারশিপের রেকর্ড গড়েন। শ্রীলংকার বিরুদ্ধে ১৯৯০ - ৯১ সালে নিউজিল্যান্ডের অ্যান্ড্রু জোন্স এবং মার্টিন ক্রো’র সাত বছর স্থায়ী ৪৭৬ রানের পার্টনারশিপের রেকর্ড সেইবার ভেঙ্গে ফেলেন তারা। এবার সতীর্থ জয়াসুরিয়া ও মহানামা’র সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ডটি অতিক্রম করে গেলেন মাহেলা ও সাঙ্গাকারা।
এই অনন্য রেকর্ডের সুবাদে শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে মাত্র ৫ উইকেটে ৭৫৬ রানের বিশাল টার্গেট দাঁড় করিয়ে দিয়েছে। আর এই রানের চাপে ইতিমধ্যেই মুখ থুবড়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে মাত্র ১৬৯ রানে অল আউট হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা নিশ্চিত পরাজয়ের দিকেই এগিয়ে যাচ্ছে। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ৪৩।
টেস্ট ক্রিকেট সর্বোচ্চ পার্টনারশীপ:
রান উইকেট ব্যাটসম্যান দল- প্রতিপক্ষ মৌসুম
৬২৪ তৃতীয় মাহেলা জয়াবর্ধনে- কুমার সাঙ্গাকারা শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা ২০০৬
৫৭৬ দ্বিতীয় সনৎ জয়াসুরিয়া -রোশান মহানামা শ্রীলংকা- ভারত ১৯৯৭
৪৬৭ তৃতীয় অ্যান্ড্রু জোন্স- মার্টিন ক্রো নিউজিল্যান্ড- শ্রীলংকা ১৯৯০-৯১
৪৫১ দ্বিতীয় ডন ব্রাডম্যান- বিল পন্সফোর্ড অস্ট্রেলিয়া- ইংল্যান্ড ১৯৩৪
৪৫১ তৃতীয় মুদাসসর নজর- জাভেদ মিয়াঁদাদ পাকিস্তান- ভারত ১৯৮২-৮৩
