জোট সরকার দলীয়করণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকেও ধ্বংস করছে: শেখ হাসিনা
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট সরকার নির্লজ্জভাবে সর্বক্ষেত্রে দলীয়করণ করতে গিয়ে দেশের ক্রীড়াঙ্গনকেও দলীয়করণের মাধ্যমে একে ধ্বংস করে দিচ্ছে। ক্ষমতাসীনদের দুর্নীতি ও অপকর্মের কারণে খেলার মান ও এই সেক্টরে উন্নয়ন ক্রমেই কমে যাচ্ছে।
শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মকর্তা, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শনিবার সন্ধ্যায় এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সুধাসদনে অনুষ্ঠিত এই সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের আমলে ক্রীড়াক্ষেত্রে গৃহীত উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, ক্রীড়ার সার্বিক মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। এক্ষেত্রে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ইসমত জামিল আকন্দ লাভলু এবং পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে শামসুল আলম চুন্নু, জহিরুল হক মোহন, মোকসেদ আলম, ইলিয়াস উদ্দিন মোল্লা ও শামসুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
তারা দেশের ক্রীড়াক্ষেত্রের সার্বিক পরিস্থিতি এবং সংগঠনের অবস্থা শেখ হাসিনার কাছে তুলে ধরেন।
