এক হাজার রানের ক্লাবে মোহাম্মদ রফিক
বাংলাদেশের বাঁ হাতি স্পিনার এবং মারকুটে ব্যাটসম্যান মোহাম্মদ রফিক একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে এক হাজার রান করার গৌরব অর্জন করেছেন।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস গ্রাউন্ডে স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ সিরিজের প্রথম ম্যাচে রফিক ৩৯ রান করে এই ‘এক হাজার রান ক্লাব’ এ নাম লিখিয়েছেন।
জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে মোহাম্মদ রফিক তার ব্যক্তিগত এক হাজার রান থেকে ২৩ রান পিছনে ছিলেন। খেলায় তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে মাত্র ২৯ বলে ৩৯ রান করায় রফিকের বর্তমান সংগ্রহ ১০১৬ রান।
জিম্বাবুয়ের বিরুদ্ধে রফিক তার ৯৩তম আন্তর্জাতিক ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন। রফিক এই ৯৩টি ম্যাচের মধ্যে ২টিতে হাফ সেঞ্চুরি করেছেন। কেনিয়ার বিপক্ষে ১৯৯৮ সালের একটি খেলায় রফিক তার ক্যারিয়ারের সর্বোচ্চ ৭৭ রান করেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে ২০০৫ সালের এক ম্যাচে ৭২ রান করে রফিক তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।
এর আগে বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার সুমন, জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল এবং খালেদ মাসুদ পাইলট বাংলাদেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করেছেন।
এদের মধ্যে সবচেয়ে বেশী রান করেছেন অধিনায়ক হাবিবুল বাশার। এপর্যন্ত ৮৩ টি ম্যাচ খেলে বাশারের মোট সংগ্রহ ১৭০৩ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন উইকেট কিপার খালেদ মাসুদ। ১১৩ টি ম্যাচ খেলে মাসুদের বর্তমান সংগ্রহ ১৬৮৫ রান। মোহাম্মদ আশরাফুল এপর্যন্ত ৬৯ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ১২৪৭ রান করেছেন। অপর ব্যাটসম্যান জাভেদ ওমর ৫১ টি ম্যাচে করেছেন ১১৫০ রান।
বাংলাদেশের সাবেক দুই ক্রিকেটার আকরাম খান এবং খালেদ মাহমুদ সুজন খুব অল্প রানের জন্য এই এক হাজার রানের ক্লাবে ঢুকতে পারেননি। আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নেওয়ার আগে আকরাম খান ৪৪টি ম্যাচ খেলে ৯৭৬ রান করেন। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া খালেদ মাহমুদ সুজন ৭৭ টি ম্যাচে করেন ৯৯১ রান।
