নিরাপদ ভেন্যুতে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ আয়োজনের পরামর্শ এএফসি’র
ইসরাইল ও হিজবুল্লাহ বাহিনীর মধ্যে সংগঠিত যুদ্ধের কারণে লেবাননে অনুষ্ঠেয় এশিয়ান কাপ টুর্নামেন্টের বাছাই পর্বের ম্যাচগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নিরপেক্ষ ভেন্যুতে তা আয়োজন করতে বলেছেন এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)’এর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম।
অস্ট্রেলিয়ায় অবস্থানকালে বিন হাম্মাম সাংবাদিকদের বলেন, লেবাননে অনুষ্ঠেয় এশিয়ান কাপ টুর্নামেন্টের বাছাই পর্বের দু’টি ম্যাচ পূর্বের সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে তিনি দেশটির ফুটবল এসোসিয়েশনকে ম্যাচগুলো আয়োজনের জন্য নিরাপদ ভেন্যু খোঁজার পরামর্শ দিয়েছেন।
বিন হাম্মাম বলেন, “আমরা লেবানন ফুটবল এসোসিয়েশনের নেতাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। ম্যাচগুলো মুলতবি করা হবে না। তবে দলগুলোর নিরাপত্তা ব্যবস্থা প্রথমে নিশ্চিত করতে হবে। যদি লেবাননের পরিস্থিতির উন্নতি না হয় তাহলে লেবানিজদের অন্য ভেন্যু খুজতে হবে।”
বৈরুতে ৬ সেপ্টেম্বর বাহরাইন এবং ১৫ নভেম্বর অস্ট্রেলিয়া দল লেবাননের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলার কথা রয়েছে।
