দুর্বল দল গঠনের জন্য পরাজয়ের সম্মুখিন পাকিস্তান: আকরাম
ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্বল গঠনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র সমালোচনা করেছেন সাবেক কিংবদন্তি পাক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।
পাকিস্তান দলে চারজন ফাস্ট বোলার খেলতে পারতো বলে মত প্রকাশ করেন আকরাম । তবে দ্বিতীয় টেস্টে টস জয়ের পর পাকিস্তানের অধিনায়ক ইনজামামের ব্যাট করার সিদ্ধান্তের সমর্থন করেন তিনি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
আকরাম বলেন, “টস জিতে ইনজামাম ব্যাট করার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমাদের ব্যাটসম্যানরা সহজেই তাদের উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড ক্রিকেট দলকে বড় সুবিধা করে দিয়েছে।”
ওল্ড ট্রাফোর্ডের ক্রিজ অসমান ও বাউন্স হওয়ার কারণে ফাস্ট বোলারদের জন্য সব সময়ই স্বর্গরাজ্য বলে মনে করেন এই সাবেক পেসার। শহীদ আফ্রিদির বদলে একজন ফাস্ট বোলার মাঠে নামালে ভাল করতো বলে নিজের মত প্রকাশ করে বলেন আকরাম।
আকরাম বলেন, “পাকিস্তানের প্রথম ইনিংস ১১৯ রানেই থেমে যায়। দলে কোন দলীয় নীতি ছিল না এবং এই কারণেই পাকিস্তান অল্প রানের মধ্যে অল--আউট হয়ে গেছে। পাকিস্তানের ক্রিকেটারদের খেলার ধরন দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে, তারা নিজেদের মেলে ধরতে ব্যর্থ হচ্ছে এবং ইংল্যান্ড দল এ থেকে পূর্ণ সুবিধা আদায় করে নিচ্ছে।”
তিনি আরও বলেন, “পাকিস্তানের ফাস্ট বোলাররা বল সুইং করিয়ে ইংলিশ ব্যটসম্যানদের সমস্যায় ফেলতে পারেনি।”
