২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে শনিবার

শনিবার থেকে শুরু হতে যাওয়া সীমিত ওভারের পাঁচ - ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফররত বাংলাদেশ হারারে স্পোর্টস গ্রাউন্ডে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 10:15 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বাংলাদেশ বিটিভি ও স্যাটেলাইট চ্যানেল স্টার স্পোর্টস হারারে থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ সময় বেলা ১:৩০ মিনিটে খেলা শুরু হবার কথা। 

সফররত বাংলাদেশ প্রথমবারের মতো বিদেশের মাটিতে কোন সিরিজ জেতার স্বপ্ন নিয়ে দেশ ত্যাগ করে এবং তারা ফেবারিট হিসেবেই জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে নামবে। ইতিমধ্যে টাইগাররা নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে প্রাকটিস ম্যাচে জিম্বাবুয়ে বোর্ড একাদশকে ৫ উইকেটে পরাজিত করে।   

এখন তারা শুধুই সিরিজের প্রথম ম্যাচের দিকে নজর দিচ্ছে যাতে করে শুরুটা সূখকর হয়। কোচ হোয়াটমোর ইতিমধ্যেই ১১ জনের নাম ঘোষণা করে দিয়েছেন। বোলিং ডিপার্টমেন্টে দুজন স্পেশালিস্ট পেস বোলার ও দুজন স্পেশালিস্ট স্পিনার রেখে দল সাজিয়েছেন কোচ। 

অন্য প্রান্তে, জিম্বাবুয়ের কোচ কেভিন কারেন তার দল ঘোষণা না করলেও প্রতিপক্ষের চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছেন।

কারেন বলেন, ‘এটা ভালো যে তারা নিজেদের ফেবারিট ভাবছে এবং আমরা সবসময়ই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। ম্যাচ উভয়ের জন্যই হাফ চান্স এবং সেটা নির্ভর করবে ওই দিনের ওপর’।

বাংলাদেশ গত ১০ ম্যাচের ৫ টিতে জিতেছে কেনিয়া ও শ্রীলংকার বিরুদ্ধে। অন্যদিকে জিম্বাবুয়ে কেনিয়া, বারমুডা ও কানাডার বিরুদ্ধে ১১ টি ম্যাচের মধ্যে ৪ টিতে জিতেছে।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে এ পর্যন্ত ১৮ টি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ নিজ মাটিতে একটি সিরিজসহ ৪ টিতে জয়লাভ করে।

বাংলাদেশ দলে থাকছেন, বাশার, শাহরিয়ার নাফিস, জাভেদ, আফতাব, আশরাফুল, অলোক, পাইলট, রফিক, রাজ্জাক, মাশরাফি ও শাহাদত।