জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ থেকে শের-ই- বাংলার নাম বাদ দেওয়ার প্রতিবাদ
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ থেকে শের-ই-বাংলা একে ফজলুল হকের নাম বাদ দেয়ায় সম্মিলিত ক্রীড়া পরিবার (এসকেপি) ও সাবেক খেলোয়াড়রা বৃহস্পতিবার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
সম্মিলিত ক্রীড়া পরিবারের এক যৌথ বিবৃতিতে এর নেতৃবর্গ বলেন, “বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ থেকে বাঙ্গালি জাতির অন্যতম প্রাণ পুরুষ শের-ই বাংলা একে ফজলুল হকের নাম বাদ দেয়ায় দেশের ক্রীড়া সংগঠক হিসাবে নয় একজন সচেতন নাগরিক হিসাবেও আমরা ক্ষুব্ধ এবং হতাশ হয়েছি”।
দীর্ঘ দিন ধরে শের ই বাংলা একে ফজলুল হকের নামে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা চলে আসছিল। কিন্তু এই বছরই টুর্নামেন্টের সাথে স্পন্সর হিসেবে একটি বেসরকারি ফোন কোম্পানির নাম জুড়ে দেওয়া হয়েছে।
এসকেপি নেতৃবৃন্দ জানান, বাফুফে যুবক ফোন কোম্পনির স্পন্সরশীপে জাতীয় চ্যাম্পিয়নশীপের আয়োজন করেছে তাতে আমাদের আপত্তি নেই। স্পন্সরকারী প্রতিষ্ঠানকে যথাযথ মূল্যায়ন না করা হলে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবও নয়। কিন্তু আমরা মনি করি শেরে বাংলার মত একজন মহান জাতীয় নেতার নাম অক্ষুন্ন রেখেই তা করা সম্ভব ছিল।”
তারা আরও জানান, ক্রীড়াক্ষেত্রে টাওয়ারের নামে ৪০ কোটি টাকা খরচ হচ্ছে, অথচ ক্রীড়াখাতে মোট ১৪০ কোটি টাকার বরাদ্দের মধ্যে প্রশিক্ষণে ব্যয় হচ্ছে মাত্র দুই কোটি টাকা।
নেতৃবৃন্দ অবিলম্বে শের-ই-বাংলার প্রতি যথাযথ সম্মান দেখানোর জন্যে সকলকে আহ্বান জানান।
বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, সম্মিলিত ক্রীড়া পরিবারের আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন, সদস্য সচিব ফজলুর রহমান বাবুল, হারুনুর রশিদ, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বাদল রায়, খুরশীদ আলম বাবুল, এনায়েত হোসেন সিরাজ, গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক, অলিউল ইসলাম, জালাল আহমেদ চৌধুরী, তানজীব আহসান সাদ, গাজী আশরাফ হোসেন লিপু এবং যুগ্ম সদস্য সচিব আহমেদ সাজ্জাদুল আলম ববি প্রমুখ।
