ইতালির অধিনায়ক ক্যানাভারো রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন
ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো রিয়াল মাদ্রিদে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সেইসঙ্গে এবারের চ্যাম্পিয়নস লীগের শিরোপা হাতে নেবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মাত্র ১৬ দিন আগেই ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে জয়ী হয়ে বিশ্বকাপ ঘরে তোলা ইটালির অধিনায়ক রিয়াল মাদ্রিদের সাথে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন। রিয়ালের হয়ে ক্যানাভারো এবার অবসর নেওয়া ফরাসি অধিনায়ক জিনেদিন জিদানের ৫ নম্বর জার্সি পরে মাঠে নামতে যাচ্ছেন।
জুভেন্টাস ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবার পর ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সী ক্যানাভারো বলেন, ‘এবার রিয়ালের সাথেই চ্যাম্পিয়নস লীগের শিরোপা জয়ের আনন্দ নিতে চাই। আর এই স্বপ্নই আমাকে আরো ভালো খেলার জন্য উজ্জীবিত করছে’।
জিদানের জার্সি গায়ে নিয়ে খেলতে ভয় পাচ্ছেন কিনা এ প্রশ্ন উড়িয়ে দিয়ে ক্যানাভারো বলেন, ৫ নম্বর জার্সি পরতে তার কোনোই আপত্তি নেই কেননা এবারের বিশ্বকাপে এই ৫ নম্বর জার্সি পরেই তিনি আসর জয় করেছেন।
জিদানের প্রশংসা করে আজ্জুরি অধিনায়ক ক্যানাভারো বলেন, ‘জিদান নিঃসন্দেহে একজন বিশ্বসেরা ফুটবলার। তার জার্সি পরে খেলার মধ্যে আলাদা একটি দায়িত্ব রয়েছে যা আমি পালন করতে চেষ্টা করবো’।
সম্প্রতি পাতানো খেলার অভিযোগে জুভেন্টাসকে সেরি ‘এ’ থেকে সেরি ‘বি’ তে রেলিগেট করে দেওয়া হলে জুভেন্টাসের আরো অনেক ফুটবলারের সাথে সাথে ক্যানাভারোও জুভেন্টাস ত্যাগ করেন।
এদিকে পাতানো ম্যাচ কেলেংকারির সময়ে জুভেন্টাস ক্লাবের ম্যানেজার ফ্যাবিও কাপেলো পদত্যাগ করে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। ক্যানাভারো তার এই পুরনো বন্ধুকে দলে পেয়ে বেশ খুশী। রিয়ালে যোগ দেবার পেছনে কাপেলো’র অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বলেন, ‘আমাদের মধ্যে দীর্ঘদিনের একটি সুসম্পর্ক রয়েছে। আমার রিয়ালে যোগ দেওয়ার পেছনে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
এদিকে ক্যানাভারোর ছেড়ে আসা জুভেন্টাসের অপর সতীর্থ ব্রাজিলিয় ফুটবলার এমারসন রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। কয়েকদিনের মধ্যেই রিয়ালের সাথে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। এ ছাড়া জুভেন্টাসের ফরাসি ডিফেন্ডার লিলিয়ান থুরাম এবং আজ্জুরি ডিফেন্ডার গিয়ানলুকা জামব্রোত্তা রিয়াল মাদ্রিদের চিরশত্র“ বার্সেলোনায় যোগ দিয়েছেন।
রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামতে ক্যানাভারো এখন উদগ্রীব হয়ে আছেন। রিয়ালের মতো বিশ্বসেরা দলে খেলতে পারার আনন্দ ও সম্মাানের পাশাপাশি নিজের বয়সকেও ভালো ফুটবল খেলার জন্য বড় একটি চ্যালেঞ্জ বলে মনে করছেন ৩৩ বছর বয়সী ফ্যাবিও ক্যানাভারো।
