২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাজিও, ফিওরেন্টিনা, জুভেন্টাস ও এসি মিলান ক্লাবের শাস্তি কমলো

পাতানো ম্যাচের অভিযোগে শাস্তিপ্রাপ্ত ইটালির চারটি ফুটবল ক্লাব ল্যাজিও, ফিওরেন্টিনা, জুভেন্টাস এবং এসি মিলান ইটালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) স্পোর্টস আদালতে আপীল করে তাদের উপর শাস্তির পরিমান কমিয়ে আনতে সমর্থ হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ইটালির সেরি ‘এ’ (প্রথম বিভাগ) ফুটবল দল ল্যাজিও এবং ফিওরেন্টিনা ক্লাবকে ইতিপূর্বে সেরি ‘বি’তে (দ্বিতীয় বিভাগ) রেলিগেট করে দেওয়া হলেও তাদেরকে পূনরায় সেরি ‘এ’ খেলার অনুমতি দিয়েছে এফআইজিসি স্পোর্টস আদালত। তবে ল্যাজিও’র ইতিপূর্বের ৭ পয়েন্ট কেটে রাখার বদলে ১১ পয়েন্ট এবং ফিওরেন্টিনার ১২ পয়েন্টের বদলে ১৯ পয়েন্ট কেটে রাখার সিদ্ধান্ত দিয়েছে আদালত।

আদালত জুভেন্টাসকে সেরি ‘বি’ তে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত অপরিবর্তিত রাখায় ক্লাবটির এ বছর আর সেরি ‘এ’ খেলা হচ্ছে না। জুভেন্টাসের বিগত দুইবারের সেরি ‘এ’ শিরোপা কেড়ে নেবার ইতিপূর্বের সিদ্ধান্তও বহাল রাখা হয়েছে। তবে তাদের আর মাইনাস ৩০ পয়েন্ট নিয়ে খেলতে হবে না। আদালত জুভেন্টাসের মোট পয়েন্ট থেকে ১৭ পয়েন্ট কেটে রাখার সিদ্ধান্ত দিয়েছে ।

এই বিচারে লাভবান হয়েছে ইটালির এসি মিলান ফুটবল ক্লাব। সিরি ‘এ’ খেলার যোগ্যতা অর্জনের পাশাপাশি তাদের কেটে নেওয়া পয়েন্ট ১৫ থেকে কমিয়ে ৮ পয়েন্ট করার সিদ্ধাস্ত জানিয়েছে আদালত। এসি মিলান এই বিচারের সুবাদে চ্যাম্পিয়নস লীগের কোয়ালিফাইং খেলায়ও অংশ নিতে পারবে।

পাতানো ফুটবল ম্যাচ কেলেঙ্কারির মূল দুই হোতা জুভেন্টাসের সাবেক পরিচালক লুসিয়ানো মজ্জি ও এ্যান্টোনিও জির‌্যডো’র উপর ৫ বছরের নিষেধাঙ্গা বহাল রাখা হয়েছে।

আদালত জুভেন্টাস এবং ফিওরেন্টিনা ক্লাবকে তাদের ২০০৬--০৭ আসরের তিনটি ম্যাচ নিজেদের মাঠে খেলার উপর নিষেধাঙ্গা জারি করেছে। উভয় দলকে এই তিনটি খেলা নিরপেক্ষ কোনো মাঠে খেলতে হবে। ল্যাজিও ক্লাবকে ২ ম্যাচ এবং এসি মিলানকে ১ ম্যাচের জন্য নিরপেক্ষ মাঠে খেলার সিদ্ধান্ত দিয়েছে আদালত।