সাফ গেমসে শ্যুটিং, সাঁতার, জুডো, কারাতে এবং ফুটবলে সোনা আশা করছে বাংলাদেশ
শ্রীলংকার রাজধানী কলোম্বোতে আগস্টের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য সাফ গেমসে শ্যুটিং, সাঁতার, জুডো, কারাতে এবং ফুটবলে সোনা আশা করছে বাংলাদেশ অলিম্পিক এ্যসোসিয়েশান (বিওএ)।
এবারের বাংলাদেশ দলের প্রধান এবং বাংলাদেশ আনসারের ডিরেক্টর জেনারেল, মেজর জেনারেল আকবর আকতার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশান (বিওএ) এবং অন্যান্য ফেডারেশানের কর্মকর্তাদের সাথে এক সভায় এই আশাবাদ ব্যক্ত করেন।
এসময়ে বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ, উপ মহাসচিব ইশতিয়াক আহমেদ কারেন, এবং বিওএ পরিচালক ও চিফ অপারেশান কর্মকর্তা কর্নেল (অব.) এম ওয়ালিউল্লাহ উপস্থিত ছিলেন।
জুডো ফেডারেশানের সভাপতি আকবর আকতার জানান, গত বছর অক্টোবর থেকে জুডোদল তাদের প্রশিক্ষণ নিতে শুরু করেছে। এবারে জুডোদল সহ অন্যান্য বিভাগের সার্বিক প্রস্তুতিতে তিনি আশা প্রকাশ করে জানিয়েছেন, বাংলাদেশ এবারের সাফ গেমসে শ্যুটিং, সাঁতার, জুডো, কারাতে এবং ফুটবলে সোনা জিততে পারে।
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত পূর্ববর্তী সাফ গেমসে বাংলাদেশ শ্যুটিং-এ ২ টি এবং সাঁতারে একটি স্বর্নপদক লাভ করে। এবারে গেমসের ২০ টির মধ্যে বাংলাদেশ ১৭ টি বিভাগে অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশ স্কোয়াস ফেডারেশন তাদের তালিকা পাঠাতে ব্যর্থ হওয়ায় এবারে স্কোয়াসে বাংলাদেশ অংশ নিচ্ছেনা।
বিওএ এবারের আসরের জন্য ২২৬ সদস্যবিশিষ্ট দলের তালিকা চূড়ান্ত মনোনয়নের জন্য বিওএ’র প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন ইউ আহমেদের কাছে জমা দিয়েছে।
