অনুশীলন ম্যাচে জিম্বাবুয়ে ‘এ’ দলের মুখোমুখি বাংলাদেশ
জিম্বাবুয়ে ‘এ’ দলের বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বুধবার তাদের জিম্বাবুয়ে সফর শুরু করছে।
এই ম্যাচকে সামনে রেখেই বাংলাদেশ দল পরিচ্ছন্ন আবহাওয়ায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার সকালে তাদের অনুশীলন সম্পন্ন করে।
খালেদ মাসুদ ছাড়া বাংলাদেশের সকল ক্রিকেটারই তিনঘন্টাব্যাপী এই অনুশীলনে অংশ নেন। বুকের ইনফেকশানের কারনে মাসুদ জিম্বাবুয়ে ‘এ’ দলের বিরুদ্ধে এই ম্যাচে অংশ নিচ্ছেন না। মাসুদের বদলে তরুন কিপার মুশফিকুর রহিম এই ম্যাচে অংশ নেবেন। তবে দলের ফিজিও পল ক্লোজ আশা প্রকাশ করে জানিয়েছেন, খালেদ মাসুদ শনিবার প্রথম ওয়ান ডে খেলার জন্য পুরোপুরি সুস্থ্য হয়ে উঠবেন।
জিম্বাবুয়ে এ দল হারারে স্পোর্টস ক্লাব মাঠে তাদের অনুশীলন সম্পন্ন করেছে। দলের কোচ এ্যান্ডি পাইক্রফট বাংলাদেশ দলের বিরুদ্ধে একটি তরুন দলকে মাঠে নামাচ্ছেন।
বুধবার বাংলাদেশ সময় দুপুর ১ টা ৩০ মিনিটে এই খেলা শুরু হবে।
