যুক্তরাষ্ট্রে প্রদর্শনী ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ
যুক্তরাষ্ট্রের সিয়াটল অঙ্গরাজ্যের কুয়েস্ট ফিল্ডে ৯ আগস্ট স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ খেলবে ডিসি ইউনাইটেড।
ডিসি ইউনাইটেড ক্লাবের কারিগরি পরিচালক ডাভে ক্যাস্পার বলেন, “বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়াতে ডিসি ইউনাইটেড ক্লাবের ছেলেরা রোমাঞ্চিত। আশাকরি আমরা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে সমর্থ হব।”
ডিসি ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষের ইচ্ছা ছিল আরএফকে স্টেডিয়াম কিংবা ফেডএক্স ফিল্ডে ম্যাচটি আয়োজন করার। কিন্তু সময় স্বপ্লতার কারণে তা আর হয়ে উঠেনি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নয়বার ইউরোপীয় চ্যাম্পিয়ন এবং ২৯ বার স্প্যানিশ লিগ শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ দলে যারা খেলবেন তাদের মধ্যে অন্যতম হলেন - ডেভিড বেকহ্যাম, ব্রাজিলীয় তারকা রোনাল্ডো, এমারসন, রবার্তো কার্লোস ও সিসিনহো, স্প্যানিশ ফরোয়ার্ড রাউল এবং সম্প্রতি রিয়ালে যোগ দেওয়া বিশ্বকাপ শিরোপা জয়ী ইটালির অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো।
