ইংল্যান্ডের অধিনায়ক হতে চায় জেরার্ড
ডেভিড বেকহ্যাম ইংল্যান্ড ফুটবল দলের নেতৃত্ব স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার পর ইংলিশ ক্লাব লিভারপুলের মধ্যমাঠের অভিজ্ঞ খেলোয়াড় স্টিভেন জেরার্ড নিজেকে ইংলিশ দলের দলনায়ক হওয়ার যোগ্য বলে মনে করছেন।
জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল আসরে ইংল্যান্ড দলের বাজে নৈপুণ্যের পর দল থেকে পদত্যাগ করেন বেকহ্যাম। দলের নেতৃত্ব দেওয়ার জন্য যারা নিজেদের যোগ্য বলে মনে করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন জেরার্ড। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
জেরার্ড বলেন, “অবশ্যই, আমি আমার দেশের ফুটবল দলের নেতৃত্ব দেওয়াটাকে উপভোগ করি। দেশকে নেতৃত্ব দেওয়ার মত অনুভূতি আর কিছুতে নেই। তবে তা নির্ভর করছে কোচ স্টিভেন ম্যাকক্লার্কের উপর কারণ তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”
সভেন--গোরান এরিকসন বিশ্বকাপ ফুটবল আসরের পর ইংলিশ দলের দায়িত্ব ছেড়ে দিলে ম্যাকক্লার্ক দলের কোচিংয়ের দায়িত্ব নেন।
ইংল্যান্ড জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্টরা মনে করছেন, জেরার্ড ও চেলসির অধিনায়ক জন টেরির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
লিভারপুলের অধিনায়ক জেরার্ড বলেন, “নিজ দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন সকল খেলোয়াড়ই দেখে। তবে আমি সেই ধরনের খেলোয়াড় নই যারা নেতৃত্ব দেওয়ার জন্য তদবির করে। যদি আমাকে অধিনায়ক মনোনীত করা হয় তাহলে তা হবে চমৎকার। যাকেই অধিনায়ক হিসাবে মনোনীত করা হোক না কেন তাকেই আমি সমর্থন করবো।”
