ভালো ফুটবলারের খোঁজে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে মোহামেডান ম্পোর্টিং ক্লাব
দেশের ফুটবলের সার্বিক উন্নয়নে এবং ভালো ফুটবলার খুঁজে বের করার জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাব ২ আগস্ট ঢাকায় একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে যাচ্ছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোসাদ্দেক আলী এমপি ক্লাবের নিজস্ব মাঠে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন। ৩ আগস্ট থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং বীরশ্রেষ্ঠ মোস্তফা স্টেডিয়ামে এই প্রশিক্ষণ শিবিরের প্রাথমিক পর্যায়ের তিন দিনের প্রশিক্ষণ শুরু হবে।
মোহামেডান ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া মতিঝিলের ক্লাব অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান।
এমসয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশানের (বাফুফে) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, মোহামেডান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শরিফুল আলম, কোচ শফিকুল ইসলাম মানিক, টিম ম্যানেজার ইমতিয়াজ সুলতান জনি, এবং সাবেক ফুটবল তারকা বাদল রায়, সাব্বির, টিটু এবং পনির উপস্থিত ছিলেন।
লোকমান জানান, দেশের ফুটবলের মানের ক্রমাবনতির দিকে খেয়াল রেখেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সদ্যসমাপ্ত বাংলালিংক স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ থেকে ইতিমধ্যেই ৪০০ তরুন ফুটবলারকে এই প্রশিক্ষণ শিবিরের জন্য নির্বাচিত করা হয়েছে।
শিবিরের দ্বিতীয় পর্যায়ে এই ৪০০ জন ফুটবলার থেকে ৪০ থেকে ৫০ জন ফুটবলারকে বেছে নিয়ে এক মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত ১৫ জন তরুন ফুটবলারকে মোহামেডান ফুটবল দলের সাথে কোচ শফিকুল ইসলাম মানিকের অধীনে পূর্নাঙ্গভাবে অনুশীলনের সুযোগ করে দেওয়া হবে।
