ব্রাজিল দলের নতুন কোচ ডুঙ্গা
পাঁচবার বিশ্বকাপ শিরোপা জয়ী ব্রাজিল দলের নতুন কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ব্রাজিলীয় অধিনায়ক ডুঙ্গাকে। ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ তথ্য জানান।
জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল আসরে দক্ষিণ আমেরিকার ফুটবল শক্তি ব্রাজিল দলের হতাশ করা নৈপুণ্যের কারণে কোচ কার্লোস আলবার্তো পেরেইরা পদত্যাগ করার পর ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অধিনায়ক ডুঙ্গাকে এই গুরুদায়িত্ব অর্পণ করলো ব্রাজিলীয় ফুটবল কর্তৃপক্ষ।
৪২ বছর বয়সী ডুঙ্গা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ২০১০ সালের বিশ্বকাপ ফুটবল আসরে ব্রাজিলকে শিরোপা এনে দিতে বদ্ধপরিকর বলে জানান সিবিএফ’এর প্রেসিডেন্ট রিকার্ডো টেক্সিরা।
টেক্সিরা বলেন, “ডুঙ্গাকে কোচের দায়িত্ব দেওয়ার কারণে সমগ্র বিশ্বের ব্রাজিলীয় ফুটবল ভক্তরা সন্তুষ্ট।”
১৬ আগস্ট ডুঙ্গার দিকনির্দেশনায় ব্রাজিল দল ওসলোতে নরওয়ের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে।
খেলোয়াড় জীবনে ডুঙ্গা ছিলেন শৃংখলার ব্যাপারে আপোসহীণ। দলীয় শৃঙ্খল রক্ষা করতে ১৯৯৮ সালের বিশ্বকাপ ফুটবল আসরের প্রথম রাউন্ডে মরক্কোর বিরুদ্ধে ম্যাচে তিনি সতীর্থ স্ট্রাইকার বেবেতোর সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। সেই ম্যাচে তিনি অধিনায়ক ছিলেন।
ব্রাজিলের ক্লাব করিনথিয়ান্স, সান্তোস ও ভাসকো দা গামা’তে খেলার পর ডুঙ্গা ১৯৮৭ সালে পাড়ি জমান ইটালিয়ান ক্লাব পিসা’তে। জাপানের ঘরোয়া ফুটবল আসর জে--লিগের ক্লাব জুবিলো আইওয়াটার পক্ষে খেলে ডুঙ্গা ফুটবল ক্যারিয়ার সমাপ্ত করেন।
তিনি ব্রাজিল দলকে ৯১ বার নেতৃত্ব দেন এবং গোল করেন ছয়টি।
সাবেক অভিজ্ঞ মিডফিল্ডার ডুঙ্গা ইটালিতে অনুষ্ঠিত ১৯৯০ সালের বিশ্বকাপ ফুটবল আসরে খেলেছিলেন। তাছাড়া ১৯৮৪ সালে লস এঞ্জেলসে অনুষ্ঠিত অলিম্পিক গেমস আসরে সিলভার পদক জয় করেছিলেন তিনি।
