২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দল হারারে পৌঁছেছে

জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজে অংশগ্রহণের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সোমবার বিকেলে জিম্বাবুয়ের রাজধানী হারারে পৌঁছেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা হারারে বিমানবন্দরে বাংলাদেশ জাতীয় দলকে অভ্যর্থনা জানান। সেখান থেকে বাংলাদেশ দলকে রাজধানীর রেইনবো টাওয়ার হোটেলে (শেরাটন) নিয়ে যাওয়া হয়। সফরের পুরো সময়ই বাংলাদেশ ক্রিকেট দল এই হোটেলে অবস্থান করবে।

প্রসঙ্গত, এটি বাংলাদেশের তৃতীয় জিম্বাবুয়ে সফর। জিম্বাবুয়েতে এ পর্যন্ত ছয়টি একদিনের ম্যাচ খেলে বাংলাদেশ পাঁচটিতেই পরাজিত হয়েছে। তবে এই প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট দল ফেবারিট হিসেবে জিম্বাবুয়ে সফর করছে। বিদেশের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের প্রত্যয় নিয়েই বাংলাদেশ দল হারারে পৌঁছেছে।

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিরুদ্ধে ২৬ জুলাই বুধবার একটি অনুশীলন ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ দলের খেলা শুরু হবে। জুলাইয়ের ২৯ এবং ৩০ তারিখে বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম দুটি ওয়ান ডে ম্যাচে অংশ নেবে। আগস্টের ২, ৪ এবং ৬ তারিখে একই ভেন্যুতে বাকী তিনটি ওয়ান ডে অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ে সফর শেষে বাংলাদেশ কেনিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের এক সিরিজে অংশ নিতে কেনিয়া সফর করবে। কেনিয়ার বিরুদ্ধে ১২, ১৩ এবং ১৫ আগস্ট তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে বাংলাদেশ।