নিস্টেলরয়ের ট্রান্সফার ফি’র অংক বাড়িয়েছে বার্য়ান মিউনিখ
ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের ডাচ স্ট্রাইকার রুড ভ্যান নিস্টেলরয়কে দলে নেওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জার্মান ক্লাব বার্য়ান মিউনিখ। জার্মান ক্লাবটি নিস্টেলরয়কে দলে নেওয়ার জন্য ম্যান ইউ ক্লাব কর্তৃপক্ষকে অর্থ বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। বার্য়ান মিউনিখ ক্লাবের জেনারেল ম্যানেজার উলি হোয়েনেস এ তথ্য জানান।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় বিভাগের ক্লাব লিনজের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে ১ - ১ গোলে ড্র করার পর হোয়েনেস বলেন, “নিস্টেলরয় বার্য়ান মিউনিখে খেলতে চান।”
জার্মান ক্লাবের জেনারেল ম্যানেজার অর্থের পরিমাণ প্রকাশ না করলেও ম্যান ইউ কর্তৃপক্ষ মনে করে, নিস্টেলরয়কে দলে নিতে হলে ১৫ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে আগ্রহী ক্লাবগুলোকে।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই নিস্টেলরয়কে দলে নেওয়ার জন্য ১২ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে ম্যান ইউ’কে।
অন্যদিকে বার্য়ান মিউনিখ ক্লাবের জেনারেল ডাইরেক্টর কার্ল--হেইঞ্জ রুম্যানিজ জানান, তিনি ইতোমধ্যেই অভিজ্ঞ ডাচ স্ট্রাইকার নিস্টেলরয়ের সাথে আলোচনা শুরু করেছেন। নিস্টেলরয় তাকে জানিয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ম্যান ইউ কর্তৃপক্ষ। তবে আগামী মৌসুমে বার্য়ান মিউনিখে এই ডাচ স্ট্রাইকার খেলার ইচ্ছা পোষণ করেছেন বলে তিনি জানান ।
