পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলোর অধিনায়ক স্ট্রাস
দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলোতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিবেন এন্ড্রু স্ট্রাস। এই সপ্তাহে এন্ড্রু ফ্লিনটফের গোড়ালিতে অস্ত্রোপচার করানোর হবে তাই তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না।
তবে ইংলিশ নির্বাচকদের চেয়ারম্যান ডেভিড গ্রাভেরি জানান, তিনি মনে করেন নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠেয় ঐতিহাসিক ‘অ্যাশেজ’ টেস্ট সিরিজের আগে অলরাউন্ডার ফ্লিনটফ সুস্থ হয়ে উঠবেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
গ্রাভেরি বলেন, “এটা বলা আসলেই কঠিন। তবে আমি নিশ্চিত, আমরা ফ্লিনটফকে অস্ট্রেলিয়া সফরে সুস্থ অবস্থায় দলে পাব।”
ইংল্যান্ড ক্রিকেট দলের ডাক্তার এবং ফ্লিনটফের ক্লাব ল্যাঙ্কাশায়ার দিন--রাত ফ্লিনটফকে সুস্থ করে তোলার জন্য পরিশ্রম চালিয়ে যাচ্ছে। তারাই ফ্লিনটফকে বাম পায়ের গোড়ালিতে দ্রুত অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন।
গ্রাভেরি বলেন, “ফ্লিনটফের অনুপস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিবেন এন্ড্রু স্ট্রাস।”
ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এই টেস্টের জন্য নির্বাচকমন্ডলি ১৪ সদস্যের দল ঘোষণা করেছে।
দলের শক্তি বৃদ্ধি করার জন্য মিডলসেক্স দলের অলরাউন্ডার জ্যামি ডালরেম্পলকে দলে নেওয়া হয়েছে নির্বাচকদের প্রধান জানান।
ইংল্যান্ড দল: এন্ড্রু স্ট্রাস (অধিনায়ক), মার্কাস ট্রেসকথিক, ইয়ান বেল, পল কলিংউড, এলেস্টার কুক, জ্যামি ডালরেম্পল, স্টিফেন হার্মিনর, ম্যাথু হর্গাড, গ্যারেন্ট জোন্স, জন লুইস, সাজিদ মাহমুদ, কেভিন পিটারসেন, লিয়াম প্লানকিট, মন্টি পানেসার।
