২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের মান উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন: ফুটবল ব্যাক্তিত্বদের অভিমত

‘ফিফা বিশ্বকাপ ফুটবল ২০০৬ এবং বাংলাদেশের ফুটবল’ শীর্ষক এক আলোচনা সভায় বাংলাদেশের ফুটবল সংগঠক, সাবেক ফুটবলার এবং ক্রীড়া সাংবাদিকরা দেশের ফুটবলের মান উন্নয়নে সুনির্দিষ্ট নীতমিালার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 09:51 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সম্মেলন কক্ষে ‘সম্মিলিত ক্রীড়া পরিবার’ অয়োজিত এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

বক্তারা বাংলাদেশের বিশিষ্ট ফুটবল সংগঠক, ফুটবলার এবং ফুটবল ব্যাক্তিত্বদের নিয়ে একটি মুক্ত আলোচনা আয়োজনের  জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশানের (বাফুফে) প্রতি আহবান জানান। আলোচকরা বলেন, এই মুক্ত আলোচনার মধ্যে দিয়েই ফুটবলের মান উন্নয়নে একটি সঠিক ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে।

ভারতের ২০১০ সালের বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে খেলার টার্গেট এবং প্রত্যয়কে উল্লেখ করে বক্তারা বলেন, ভারত এখন ফুটবলে উন্নতির ব্যাপারে অনেক বেশী সচেতন হলেও বাংলাদেশ  এখোনো পর্যন্ত সাফ ফুটবলে চ্যাম্পিয়নের  টার্গেট নির্ধারিত করতে পারেনি।

আলোচকরা বলেন, ‘বাংলাদেশের ফুটবলের সাথে বিশ্বকাপ ফুটবলের মানের বিস্তর ব্যবধান রয়েছে। কিন্তু এই ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনতে আমাদেরকে প্রথমে সাফ চ্যাম্পিয়ন হবার টার্গেট রাখতে হবে। এরপর দক্ষিণ- পূর্ব এশিয়ার ভেতরে শ্রেষ্ঠত্ব অর্জন করে এশিয়ান চ্যাম্পিয়নশীপের লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে’।

বক্তারা ফুটবলের এই বাজে অবস্থার জন্য মূলত সরকারের একটি কার্যকরী ফুটবল অবকাঠামো গঠনের ব্যর্থতাকেই দায়ী করেছেন। তাছাড়া, পাতানো খেলা, ফুটবলার এবং সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষের মধ্যে বিবাদ, ফুটবল ক্যালেন্ডার মেনে না চলা এবং প্রতি বছর নিয়মমাফিক ফুটবল লীগ অনুষ্ঠানে বাফুফে’র ব্যর্থতাকে দায়ী করে এসব অব্যবস্থা দূর করতে সরকারকে আহবান জানান।

পাতানো খেলার অভিযোগে ইটালির তিনটি প্রধান ফুটবল ক্লাবকে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেবার ঘটনা থেকে বাংলাদেশের  শিক্ষা নেওয়া উচিৎ বলে বক্তারা উল্লেখ করেন।

ফুটবলের উন্নয়নের জন্য আরো মাঠের প্রয়োজনীয়তা এবং তৃণমূল পর্যায়ের ফুটবলারদের প্রতি সরকারি  তক্তাবধানের ব্যাপারটিও বক্তার আলোচনা করেন। বাংলাদেশের খেলাধূলার বিভিন্ন সেক্টরে সংশ্লিষ্ট কর্তাব্যাক্তিদের ব্যবসায়ী মনোভাবকে ইঙ্গিত করে বক্তারা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে সঠিক স্থানে সঠিক ব্যাক্তিদের নিয়োগ দানের জন্যও আহবান জানান।

সম্মিলিত ক্রীড়া পরিবারের আহবায়ক মোবাশ্বের হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় অন্যান্যদের মধ্যে আবাহনী ক্লাবের পরিচালক ও প্রাক্তন বাফুফে সম্পাদক হারনুর রশীদ, ব্রাদার্স ইউনিয়নের সাধারন সম্পাদক মিজানুর রহমান, সোনালী অতীত ক্লাবের প্রেসিডেন্ট গোলাম সরোয়ার টিপু, দেওয়ান সাইফুল আরেফিন টুটুল, আহমেদ সাজ্জাদুল আলম ববি,  সত্যজিৎ দাস রুপু, বাদল রায়, শেখ মোহাম্মদ আসলাম, শফিকুল ইসলাম মানিক এবং ভিক্টোরিয়া ক্লাবের প্রেসিডেন্ট শওকত আলী খান জাহাঙ্গীরসহ স্পোর্টস রিপোর্টার সানাউল হক, আব্দুল হামিদ ও রানা হাসান উপস্থিত ছিলেন।