২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ১৭ টি নতুন রেকর্ড

মিরপুর সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ২২ তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় মোট ১৭টি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তাদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। মোট ৪৪টি স্বর্ণ পদক, ৩৪টি রৌপ্য এবং ২২টি ব্রোঞ্জ পদক নিয়ে বিকেএসপি পদক তালিকার শীর্ষে অবস্থান করছে।

২৭ টি স্বর্ণপদক, ২৬ টি রৌপ্য এবং ২২ টি ব্রোঞ্জ পদক নিয়ে রানার্স আপ হয়েছে বাংলাদেশ আনসার।

আলমগীর সুইমিং ক্লাব ১৮টি স্বর্ণ, ১৪টি রৌপ্য এবং ৯টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।

চতুর্থস্থানে রয়েছে মেহেরপুর সুইমিং ক্লাব। এই ক্লাবের সাঁতারুরা মোট ৫টি স্বর্ণপদক, ১টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক পেয়েছে। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ২টি সোনা, ২টি রূপা এবং ২টি ব্রোঞ্জ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে।

বিকেএসপি’র সোনিয়া আক্তার এবার সবচেয়ে সফল সাঁতারু হিসেবে ৬টি নতুন জাতীয় রেকর্ড গড়ে ১১টি সোনা জিতে নিয়েছেন। ১৫ থেকে ১৭ বছর বয়সভিত্তিক সাঁতারে সোনিয়া ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ ও ৮০০ মিটার ফ্রি স্টাইলে এবং ১০০ মিটার বাটারফ্লাই-এ নতুন এই জাতীয় রেকর্ডগুলো গড়েন।

১৮ থেকে ২০ বছর বয়সের সাঁতারুদের মধ্যে বাংলাদেশ আনসারের লাবণী আকতার জুঁই তিনটি নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিসহ মোট ৬টি সোনা জিতে নিয়েছেন। লাবণী ২০০ মিটার ফ্রি স্টাইল, ২০০ মিটার বাটারফ্লাই এবং ব্যক্তিগত ২০০ মিটার মিডলে সাঁতারে এই রেকর্ডগুলো গড়েন।

মেহেরপুর সুইমিং ক্লাবের নাজমা খাতুন ৫টি সোনা জিতে আসরের তৃতীয় সেরা মহিলা সাঁতারু হিসেবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে পুরুষ সাঁতারে বিকেএসপি’র নাজমুল হক সর্বোচ্চ ৭টি সোনা ছিনিয়ে নিয়েছেন। ১০০, ২০০ এবং ১৫০০ মিটার ফ্রি স্টাইলে তিনটি নতুন জাতীয় রেকর্ডও গড়েছেন নাজমুল।

পুরুষ বিভাগে আলমগীর সুইমিং ক্লাবের ফয়সাল আহমেদ এবং বাংলাদেশ আনসারের জুয়েল আহমেদ ৬টি করে স্বর্ণপদক জিতে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। বিকেএসপি’র পারভেজ আহমেদ এবং সতীর্থ আসিফ রেজা ৫টি করে সোনা জিতে পুরুষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

সংসদের হুইপ রেজাউল বারী দিনা প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পদক বিতরণ করেন। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের প্রেসিডেন্ট এবং নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম হাসান আলী খান এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।