ওয়ান ডে সিরিজ আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কানাডার
এ বছরের সেপ্টেম্বর মাসে কানাডায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কানাডা।
ভারতীয় ক্রিকেট বোর্ডকে এ বছর ওয়ান ডে সিরিজ আয়োজন করার প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে নির্দিষ্টভাবে কানাডা ক্রিকেট এসোসিয়েশন (সিসিএ) জানিয়েছে বলে জানান বিসিসিআই’এর ভাইস--প্রেসিডেন্ট ললিত মোদী।
তিনি বলেন, “নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাবটি নিয়ে এখনও আলোচনা করা হচ্ছে। আমরা এখনও সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
মোদী আরও বরেন, “দ্বিপাক্ষিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই খেলতে হবে কিংবা কানাডায় সিরিজটি আয়োজন করতে হবে এমনটি অত্যাবশ্যকীয় নয়। আমরা এশিয়ার কোনও দেশ (সিঙ্গাপুর বা হংকং) বা যুক্তরাষ্ট্র অথবা ইউরোপ (নেদারল্যান্ড) এর কোনও দেশে সিরিজ আয়োজন করতে পারি। আমরা কখনই কানাডায় কোন প্রকার সিরিজ আয়োজনের বিষয়টি সুনির্দিষ্টভাবে জানাইনি।”
তবে আগামী বছর কোনও সিরিজ আয়োজনের প্রস্তাব দিলে তা আয়োজনে কানাডা রাজি রয়েছে বলে মোদী জানান।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)’এর মিডিয়া ম্যানেজার ইমরান খান বলেন, “প্রস্তাবিত কোনও ক্রিকেট সিরিজ খেলতে খেলোয়াড়রা প্রস্তুত নয়। এই বিষয়ে অবশ্যই আলোচনা করার প্রয়োজন আছে।”
