কট্টর ভক্তদের জন্য জার্মান ফুটবল ক্লাবের সমাধিস্থল তৈরির পরিকল্পনা
জার্মানির একটি ফুটবল ক্লাব তাদের স্টেডিয়ামের পাশে একটি সমাধিস্থল করার পরিকল্পনা নিয়েছে যাতে করে ক্লাবটির কট্টর সমর্থকরা মৃত্যুর পর শান্তিতে তার প্রিয় দলের পাশেই থাকতে পারে।
জার্মানির উত্তরাঞ্চলের বন্দর--নগরীর ক্লাব হ্যামবুর্গ এসভি জার্মান ঘরোয়া ফুটবল লিগ ‘বুন্দাসলিগা’য় অংশ নিয়ে থাকে। ক্লাবটি স্টেডিয়ামের প্রধান প্রবেশ মুখ হতে ১৫ মিটার দূরে সমাধিস্থল তৈরি করার পরিকল্পনা নিয়েছে বলে জানান ক্লাবটির সহকারী চেয়ারম্যান ক্রিস্টিয়ান রেইচের্ট।
ক্লাবটির রেজিস্টারভুক্ত সমর্থকের সংখ্যা ৪২, ০০০ হলেও সমাধিস্থলে জায়গা হবে মাত্র ৫০০ জনের। ক্লাবটির কর্মকর্তারা ইতোমধ্যেই ভক্তদের অনুরোধে জায়গা সংরক্ষণ করতে শুরু করেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
রেইচার্ট বলেন, “আমি জানি না জার্মানির অন্য কোথাও এ ধরনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে কি না। তাই আমাদের ভক্তদের জন্য এটা একটি অনুপম সুযোগ।”
ভক্তরা ২৫ বছরের জন্য সমাধিস্থলে জায়গা পাবেন। প্রতিটি সমাধির জন্য ভক্তদের কাছ থেকে ৮, ০০০ ইউরো এবং দু’টি জায়গা এক সাথে নিতে চাইলে ১২, ৫০০ ইউরো দিতে হবে ক্লাবটিকে।
সেপ্টেম্বর মাসে ৭০, ০০০ ইউরো অর্থ ব্যয়ে সমাধিস্থলটি তৈরি করা সম্ভব হবে বলে ক্লাব সূত্রে জানা যায়।
জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল আসরের ইটালি ও ইউক্রেনের মধ্যেকার কোয়ার্টার ফাইনাল ম্যাচসহ পাঁচটি ম্যাচ আয়োজন করা হয়েছিল হ্যামবুর্গে।
