বার্সেলোনায় যোগ দিলেন থুরাম ও জামব্রাত্তো
ইটালিয়ান ক্লাব জুভেন্টাসের দুই ডিফেন্ডার লিলিয়ান থুরাম এবং জিয়ানলুকা জামব্রাত্তোর সাথে চুক্তি করার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
ম্যাচ পাতানোর অভিযোগে অভিযুক্ত জুভেন্টাস আগামী মৌসুম ‘সিরিয়া বি’ তে খেলবে। তাই ইটালির এই ক্লাবটির ফুটবলারদের দলে নেওয়ার জন্য বিশ্বের সেরা ক্লাবগুলো অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বুধবার ইটালির বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ফাবিও ক্যানাভারো ও ব্রাজিলীয় মিডফিল্ডার এমারসন অপর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থুরাম ও জামব্রাত্তোও জুভেন্টাস ক্লাব ছাড়লেন।
৩৪ বছর বয়স্ক ফরাসি ডিফেন্ডার লিলিয়ান থুরামের সাথে দুই বছরের চুক্তি করেছে বার্সেলোনা। অপরদিকে ২৯ বছর বয়স্ক ইটালিয়ান বিশ্বকাপ শিরোপা জয়ী দলের ডিফেন্ডার জামব্রাত্তোর সাথে ক্যাটালান ক্লাবটি চার বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছে।
বিভিন্ন বার্তা সংস্থা সূত্রে জানা যায়, ১৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে থুরাম ও জামব্রাত্তোকে দলে নিয়েছে বার্সা।
বার্সেলোনা দলের মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সফরের সময় এই দুইজন দলের সঙ্গে যোগ দেবেন বলে ক্লাব সূত্রে জানা যায়।
১৯৯৮ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো শিরোপা জয়ী ফরাসি দলের অভিজ্ঞ সদস্য থুরাম মনেকো ও পারমা ক্লাবেও খেলেছেন।
