ক্যানাভারো ও এমারসনের সাথে রিয়াল মাদ্রিদের চুক্তি ঘোষণা
বিশ্বকাপ ফুটবল শিরোপা জয়ী ইটালিয়ান দলের অধিনায়ক ফাবিও ক্যানাভারো এবং ব্রাজিলীয় মিডফিল্ডার এমারসনের সাথে চুক্তি করার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
ক্যানাভারো ও এমারসনের সাথে রিয়াল মাদ্রিদ দুই বছরের চুক্তি করেছে এবং ভবিষ্যতে এই চুক্তি এক বছর বাড়ানোর কথা বলা হয়েছে। বিভিন্ন বার্তাসংস্থা সূত্রে জানা যায়, ইটালিয়ান ক্লাব জুভেন্টাস ২০ মিলিয়ন ডলারের বিনিময়ে রিয়াল মাদ্রিদের কাছে এই দু’জনকে বিক্রি করেছে। আর এতে মধ্যস্থতা করেছেন জুভেন্টাসের সাবেক প্রধান ফাবিও ক্যাপেলো।
তিন বছর কোনও শিরোপা জয় করতে না পারার কারণে রিয়াল মাদ্রিদ এবার দল গুছাতে আগে থেকেই মাঠে নেমে পড়েছে। রিয়াল মাদ্রিদের নতুন প্রেসিডেন্ট রেমান কেলডেরন দায়িত্ব নেওয়ার পর এই দু’জনই প্রথম দলের সাথে যোগ দিল।
রিয়াল মাদ্রিদ ক্লাবের ওয়েব সাইটে এক বিবৃতিতে জানানো হয়, “ফাবিও ক্যানাভারো এবং এমারসনকে দলে নেওয়ার জন্য জুভেন্টাসের সাথে চুক্তি পুনর্গঠিত করেছে রিয়াল মাদ্রিদ।”
