দল বদল ১ সেপ্টেম্বর, নভেম্বরের ১ম সপ্তাহে লিগ শুরু
পেশাদারী লিগের জন্য আন্তঃক্লাব দল বদল আগামী ১ সেপ্টেম্বর শুরু হয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে লিগ শুরুর আগের দিন পর্যন্ত চলবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) এক বৈঠকে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সাংবাদিকদের বলেন, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে আশ্বাস পাওয়ায় তারা দলবদলের তারিখ পূনঃর্নির্ধারণ করেছেন।
হেলাল বলেন, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক নুরুল হক প্রধান অক্টোবরের শেষাংশে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দেওয়ার আশ্বাসে নভেম্বরের প্রথম সপ্তাহে লিগ শুরু করা হবে।
হেলাল বলেন, অক্টোবরের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রস্তুত না হলে আমরা পেশাদারী দলগুলোকে নিয়ে ঢাকার বাইরে ওয়ার্ম--আপ ম্যাচের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।
বৈঠকে পেশাদারী লিগের নিয়ম নীতি অনুমোদন করা হয়।
আগের সময়সীমা অনুযায়ী ১৫ জুলাই দল বদল শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পাওয়া না যাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ সিদ্ধান্ত থেকে সরে আসে।
বৈঠকে আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় দলের অধিনায়ক আরিফ খান জয় বলেন, তারা ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
