বিদেশের মাটিতে প্রথম সিরিজ জয়ের প্রত্যাশায় বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দল এই প্রথমবারের মতো ফেবারিট দল হিসেবে জিম্বাবুয়ে ও কেনিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আফ্রিকা সফরে যাচ্ছে।
বাংলাদেশ দল ৫টি একদিনের ম্যাচের সিরিজ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ২৩ জুলাই ঢাকা ত্যাগ করবে। এই সিরিজ শেষে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ দল কেনিয়ার বিরুদ্ধে ৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবে।
শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা বেশ ভালো খেলেছি এবং আমরা এখন বিশ্বাস করতে শুরু করেছি যে জিম্বাবুয়ে এবং কেনিয়ার বিরুদ্ধে ফেবারিট হিসেবে আমরা সিরিজ জয় করতে সক্ষম’।
বাংলাদেশ আইসিসি’র টুর্নামেন্ট, ত্রিজাতি এবং চারজাতির টুর্নামেন্টসহ এপর্যন্ত ৩৯টি সিরিজে অংশ নিয়ে মাত্র ২টিতে জয় পেয়েছে। আর এই দুটি সিরিজ তারা দেশের মাটিতেই জয় করে। গতবছর জিম্বাবুয়ের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ একদিনের সিরিজে বাংলাদেশ ক্রিকেট দল ৩ -- ২ ম্যাচে সফরকারীদের হারিয়ে দেশের জন্য অবিস্মরনীয় এক জয় এনে দেয়। এবছর মার্চে ৪ টি একদিনের ম্যাচের সিরিজে কেনিয়াকে হোয়াইট ওয়াশ করে আরেকটি স্মরণীয় জয় ছিনিয়ে আনে বেঙ্গল টাইগাররা।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান ও অধিনায়ক হাবিবুল বাশার শক্তিশালী জিম্বাবুয়ে ও কেনিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী হলেও এই জয় মোটেই সহজ হবেনা বলে মনে করছেন।
বাশার বলেন, ‘দেশের মাটিতে আমরা তাদের পরাজিত করতে পারলেও তাদের নিজেদের মাঠে তাদের হারানো মোটেই সহজসাধ্য ব্যাপার হবেনা। আমাদের আফ্রিকার নতুন কন্ডিশনে খেলতে হবে। প্রত্যেকটি ম্যাচে জয়ের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তবে আমরা এখন আগের তুলনায় অনেক সংগঠিত দল। সেকারনে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী’।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যুগ্ম সম্পাদক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান রেজাউদ্দিন আল মামুন, প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং জাতীয় দলের কোচ ডেভ হোয়াটমোর ও টিম ম্যানেজার শফিকুল ইসলাম হীরা উপস্থিত ছিলেন।
কোচ হোয়াটমোর বাংলাদেশের সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ এবার সিরিজ জয়ের লক্ষ্যে ফেবারিট হিসেবেই জিম্বাবুয়ে সফরে যাচ্ছে’। তবে এজন্য আফ্রিকার নতুন কন্ডিশনে ক্রিকেটারদের দ্রুত মানিয়ে নেওয়ার ব্যাপারটিও খুব জরুরি বলে জানিয়ে দিয়েছেন হোয়াটমোর।
সফরকারী বাংলাদেশ দলে নতুন দুই মুখ সাকিব আল হাসান এবং ফরহাদ রেজা। এই দুজনের ব্য্যাপারে হোয়াটমোর বলেন, সাকিব এবং ফরহাদের জন্য জাতীয় দলে পাকাভাবে স্থান করে নেওয়ার এটাই সুবর্ণ সুযোগ। নিজেদের সেরাটা মেলে ধরতে পারলেই তারা দেশের হয়ে আরো খেলার সুযোগ পাবে।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, প্রতিপক্ষের আসল শক্তিমত্তা বুঝে নেবার পরই দলের চূড়ান্ত নির্বাচন করা হয়। জিম্বাবুয়ে এবং কেনিয়ার বিরুদ্ধে দল নির্বাচনের ক্ষেত্রেও এই নীতি অনুসরণ করে সফরের জন্য ১৬ জনকে নির্বাচিত করা হয়েছে। ফারুক আরো জানান, আফ্রিকার নতুন কন্ডিশনে ফাস্ট বোলাররা বেশি সুবিধা আদায় করতে পারবেন জেনেও দলে একাধিক স্পিনার রাখা হয়েছে। কেননা, জিম্বাবুয়ে ও কেনিয়ার বিরুদ্ধে বাংলাদেশের যেসব জয় এসেছে তাতে স্পিনারদের ভূমিকাই মূখ্য ছিল।
জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ ২৯ জুলাই তাদের প্রথম ম্যাচে অংশ নেবে। এই সিরিজ শেষে ১২ আগস্ট সাগতিক কেনিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
