দেশব্যাপী যুবক ফোন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২১ জুলাই শুরু
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ)’র উদ্যোগে এবং টেলিবার্তা লিমিটেডের পৃষ্টপোশকতায় যুবক ফোন জাতীয় ফুটবল চ্যাম্পিয়ানশিপ ২১ জুলাই শুরু হবে।
দেশের ৬২ টি জেলা দল আটটি অঞ্চলে বিভক্ত হয়ে নক আউট ভিত্তিতে প্রতিযোগিতায় অংশ নেবে। এছাড়া চারটি সার্ভিসেস টিম ও চারটি শিক্ষা প্রতিষ্ঠান দুইটি পৃথক অঞ্চলে খেলবে।
পরে গত বারের চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ এবং এবারের চূড়ান্ত পর্বের স্বাগতিক দল সিলেট আঞ্চলিক পর্বের ১০ টি চ্যাম্পিয়ন দলের সাথে ১৮ আগস্ট থেকে শুরু হওয়া চূড়ান্ত পর্বে খেলবে।
বিএফএফ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্ণামেন্ট কমিটির সম্পাদক গোলাম রসুল মোল্লা এ কথা জানান।
বিএফএফ’র সভাপতি এসএ সুলতান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বিএফএফ’র ডেপুটি সেক্রেটারি মনজুর হোসেন মালু এবং টেলিবার্তার সিইও আবু মোহাম্মদ সাঈদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
শেরেবাংলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ’র নতুন নাম যুবক ফোন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ২১ জুলাই শরিয়তপুর ভ্যানুতে শুরু হচ্ছে।
নির্ধারিত অপর ভ্যানু ও তারিখের মধ্যে রয়েছে মাগুরা ২২ জুলাই, পিরোজপুর ২৩ জুলাই, হবিগঞ্জ ২৪ জুলাই, টাঙ্গাইল ২৫ জুলাই, জয়পুরহাট ২৬ জুলাই, গাইবান্ধা ২৭ জুলাই এবং বান্দরবন ২৮ জুলাই।
এছাড়া ২৩ জুলাই বনানী আর্মি স্টেডিয়ামে শিক্ষা বোর্ডের দল এবং ২৪ জুলাই সার্ভিসেস দল নিয়ে আঞ্চলিক পর্ব শুরু হবে।
সাম্ভব্য ৩২ লাখ ৮৫ হাজার টাকার বাজেটের স্থলে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আয়োজকদের ৫০ লাখ টাকা দেবে। অতিরিক্ত অর্থ বিএফএফ’র উন্নয়ন তহবিলে যোগ হবে বলে আয়োজকরা জানান।
