ক্রিকেট সময়সূচীতে বোমা হামলা কোনও প্রভাব ফেলবে না: পাওয়ার
সম্প্রতি ভারতের শিল্পনগরী মুম্বাইয়ের স্থানীয় কয়েকটি রেলস্টেশনে ধারাবাহিক সন্ত্রাসী বোমা হামলার ঘটনা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচসমূহের সময়সূচীতে কোনও প্রভাব ফেলবে না। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিিিসসিআই)’এর প্রেসিডেন্ট শারদ পাওয়ার এ তথ্য জানান।
পাওয়ার জানান, তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেছেন। তাদেরকে তিনি জানিয়েছেন মুম্বাইসহ ভারতে ক্রিকেট ম্যাচ খেলায় কোনও বিপদের সম্ভাবনা নেই।
পাওয়ার আরও জানান, এই বোমা হামলার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের সময়সূচীতে কোন পরিবর্তন করা হবে না এবং ম্যাচগুলো মুম্বাই, আহমেদাবাদ, জয়পুর ও হায়দ্রাবাদেই অনুষ্ঠিত হবে।
১১ জুলাই সন্ত্রাসী বোমা হামলার পর অস্ট্রেলিয়া দল পাঠানোর আগে নিরপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দিলেও এখন অসিরা চ্যাম্পিয়ন্স ট্রফি আসরে দল পাঠাতে রাজি হয়েছে। তবে এ জন্য ভারতীয় কর্তৃপক্ষের ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করতে হয়েছে।
অন্যান্য দেশগুলোও তাদের দল পাঠাতে রাজি হয়েছে এবং তাদেরকেও সকল প্রকার নিরাপত্তা দেওয়া হবে বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
