২০১১ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে নয়াদিল্লীর নির্মাণাধীন স্টেডিয়ামে
২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলা হবে যমুনা নদীর তীরে পাঁচ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণাধীন আধুনিক স্টেডিয়ামে। বিসিসিআই’এর ভাইস--প্রেসিডেন্ট ললিত মোদি এ তথ্য জানান।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিজ অর্থে এই আধুনিক স্টেডিয়ামটি নির্মাণ করছে বলে মোদি জানান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
মোদি বলেন, “দিল্লীতে নির্মাণাধীন নতুন স্টেডিয়ামে ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য সব ধরনের স্বয়ংসম্পূর্ণ সংযোজন নিশ্চিত করা হয়েছে।”
এ বছরের এপ্রিল মাসে বিশ্বকাপ আয়োজক প্রত্যাশী অস্ট্রেলিয়া--নিউজিল্যান্ডকে ১১--৩ ভোটে পরাজিত করে ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের যুগ্মভাবে দায়িত্ব পায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
এই মাসে আয়োজক চারটি দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা লন্ডনে আইসিসি’র বার্ষিক সভায় মিলিত হয়ে ভারতের রাজধানী দিল্লীতে বিশ্বকাপ ফাইনাল আয়োজন করতে সম্মত হয়।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে দু’টি সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ঢাকায়।
দক্ষিণ দিল্লীর যমুনা নদীর পাশের কিছু জায়গা এবং মহারানী বাগ এলাকার কিছু অংশ নিয়ে সব মিলিয়ে ৭০ একর জমির উপর এই আধুনিক স্টেডিয়ামটি নির্মাণ করা হবে। দিল্লী উন্নয়ন কর্তৃডক্ষ (ডিডিএ) স্টেডিয়াম নির্মাণের বিষয়ে ইতোমধ্যেই অনুমতি দিয়েছে।
১৯৮৭ সালে পাকিস্তানের সাথে যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। সেই বার কলকাতার ইডেন গার্ডেনে আয়োজন করা হয়েছিল বিশ্বকাপ ফাইনাল।
১৯৯৬ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজন করলেও ফাইনাল অনুষ্ঠিত হয় লাহোরে।
