প্রাকটিস ম্যাচে আফতাবের সেঞ্চুরি
মিরপুর জাতীয় স্টেডিয়ামে রোববার বাংলাদেশ জাতীয় দল ও বিসিবি ক্রিকেট একাডেমীর মধ্যে প্রাকটিস ম্যাচে আফতাবের সেঞ্চুরির ওপর ভর করে জাতীয় ক্রিকেট দল ৩৭ রানের জয় ছিনিয়ে নিয়েছে।
নির্ধারিত ৫০ ওভারে জাতীয় দল ২৪৯ রান করে। জবাবে একাডেমি দল ২১২ রান তোলে।
আফতাব ১২টি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্যে ১১৬ বলে ১১৬ রান করেন।
রেজাউলের বলে তামিম ইকবালের হাতে ধরা পড়ে ১১৬ রানেই তার ইনিংস শেষ হয়। ওপেনার রাজিন সালেহ ৮২ বলে সাতটি চারের মারে ৫৫ রান করেন।
এছাড়া মাশরাফি ১৫ ও খালেদ মাসুদ ১৭ রান করেন।
রেজাউল ২৭ রানে চারটি এবং হুমায়ন, সোহরাওয়ার্দী, জিয়া, রুবেল এবং শফিক একটি করে উইকেট দখল করেন।
এ ম্যাচে অধিনায়ক হাবিবুল বাশার ও রফিককে বিশ্রাম দেওয়া হয়।
এদিকে বাংলাদেশ এ দল রোববার সকালে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে। তারা ওয়ান ডে সিরিজ ৪-১ এ জয়লাভ করে। এছাড়া চার দিনের ম্যাচ ১-১ এ ড্র হয়।
এ দলের তিন খেলোয়াড় অলোক কাপালি, সাকিব আল হাসান ও ফরহাদ রেজাকে জাতীয় দলে ডাকা হয়েছে।
