পন্টিংয়ের লক্ষ্য অ্যাশেজ সিরিজ পুনরুদ্ধার
গত অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের কাছে ২ - ১ ব্যবধানে টেস্ট সিরিজ পরাজয়ের শোধ নেওয়ার জন্য আবারও প্রত্যয় ব্যক্ত করেছেন অসি দলনায়ক রিকি পন্টিং।
পন্টিং বলেন, “দলের জন্য এটি একটি বড় সিরিজ। ১৮ বছর পর ইংল্যান্ডের হাতে অ্যাশেজ ট্রফিটি তুলে দেওয়ার কারণে খেলোয়াড়রা বিহবল এবং লজ্জিত। গতবারের চাইতে এবার আরও শক্তিশালী অসি দলের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড।”
গত অ্যাশেজ সিরিজের পর থেকে অস্ট্রেলিয়া ১২ টি টেস্ট খেলে ১১ টিতে বিজয়ী হলেও ইংল্যান্ড ৯ টি টেস্টের মধ্যে বিজয়ী হতে পেরেছে মাত্র দুইটিতে।
গত সপ্তাহে ইংলিশ অধিনায়ক মাইকেল ভন হাঁটুর ইনজুরির কারণে অ্যাশেজ সিরিজে খেলতে না পারার ঘোষণা দেওয়ার পর অসিদের অ্যাশেজ ট্রফি পুনরুদ্ধার আরও সহজ হয়ে গেছে। তাছাড়া ইনজুরির কারণে ইংল্যান্ড দলে দেখা দিয়েছে মানসম্মত ক্রিকেটারের অভাব।
পন্টিং বলেন, “আমরা আমাদের ক্রীড়া নৈপুণ্য দেখানোর জন্য কঠোর অনুশীলন করি। আমি নিশ্চিত অ্যাশেজ সিরিজে আমরা ভাল খেলবো। আমরা জানি ইংল্যান্ডকে পরাজিত করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং ইংলিশরা যদি তাদের শতকরা ৯০ ভাগ সেরা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করতে পারে তাহলে অ্যাশেজ সিরিজটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে বলে আমি মনে করি।”
